বার্তা সংস্থা এএফপি প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, তুরস্কের একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে কারখানাটির ১৩ কর্মী নিহত ও ৪ জন আহত হয়েছে।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি প্রতিবেদনে আরো বলা হয়, তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে বালিকেসির প্রদেশের কাভাকলি গ্রামে অবস্থিত ওই কারখানায় স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে জানা গেছে বিস্ফোরণে ১২ কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ৪ কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর নয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ারলিকায়া বলেন, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি, তবে এটা যে নাশকতা নয় তা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।
ঘটনার পরপরই সেখানে ফায়ার সার্ভিস কর্মীদের মোতায়েন করা হয়। এছাড়া স্বাস্থ্য নিরাপত্তা কর্মীরা সেখানে কাজ শুরু করেন। আন্তর্জাতিক বাজারে বিক্রি জন্য কারখানাটিতে অস্ত্র ও গোলাবারুদ তৈরি করা হতো।
সূত্র: এএফপি

