গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে, আফগানিস্তানের পাকটিকা প্রদেশের বারমাল জেলার সাতটি গ্রামে পাকিস্তানের একাধিক বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে, যাদের মধ্যে নারী এবং শিশুরাও রয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যার মধ্যে লামান গ্রামে এক পরিবারেই নিহত হয়েছেন পাঁচ সদস্য। সূত্র : এএনআই
স্থানীয় সূত্রের দাবি, পাকিস্তানি যুদ্ধবিমানের এই বোমা হামলায় বারমালের মুর্গ বাজার গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যা চলমান মানবিক সংকটকে আরো গভীর করেছে।
এই বিমান হামলায় ঘটেছে ব্যাপক বেসামরিক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞ। এতে ওই অঞ্চলের উত্তেজনা আরো বেড়েছে। উদ্ধার কার্যক্রম চলমান থাকলেও হামলার বিস্তারিত তথ্য এবং দায় নিশ্চিত করার জন্য আরো তদন্ত প্রয়োজন বলে জানায়, আফগান সংবাদ সংস্থা খামা প্রেস।
আফগান এই মন্ত্রণালয় জানায়, পাকটিকার বারমালে বিমান হামলার পর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে। তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। একইসঙ্গে তারা এই হামলার নিন্দা জানিয়েছে।
সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে পাকিস্তানি জঙ্গিদের আফগানিস্তানে উপস্থিতি নিয়ে। পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানি বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে।
পাকিস্তানি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার কথা স্বীকার না করলেও সংশ্লিষ্ট সামরিক নিরাপত্তা সূত্র জানায়, আফগান তালেবান তাদের সীমান্ত প্রদেশগুলোতে টিটিপিকে আশ্রয় দিচ্ছে, তাই এ আক্রমণ তালেবান আস্তানাগুলোকে লক্ষ্য করেই চালানো হয়েছিল।

