বড়দিনেও ছাড় পেলো না ইউক্রেন। বড়দিনে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কড়া সমালোচনা করেছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানায়, রাশিয়া যা করেছে তা ‘অমানবিক’।
রুশ বাহিনীর হামলার পর খারকিভের প্রায় পাঁচ লাখের বেশি মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। হামলায় খারকিভে ছয়জন আহত ও নিপ্রোপেত্রভক্স শহরে একজন নিহত হয়েছেন।
ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউক্রেনের সেনাবাহিনী ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের একটি উল্লেখযোগ্য অংশ গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে হামলার কারণে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ করছেন।
তিনি আরো জানায়, ‘পুতিন ইচ্ছাকৃতভাবে আক্রমণের জন্য বড়দিনকে বেছে নিয়েছেন। এর চেয়ে অমানবিক আর কী হতে পারে? ব্যালিস্টিকসহ ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন হামলা হয়েছে। তাদের লক্ষ্য আমাদের জ্বালানি অবকাঠামো। ইউক্রেনে ব্ল্যাকআউটের জন্য যুদ্ধ করছে তারা।’
দেশের জন্য যারা কাজ করছে তাদের প্রশংসা করে ইউক্রেন প্রেসিডেন্ট জানান, ‘বর্তমানে যারা দেশের জন্য কাজ করছেন, যারা যুদ্ধের দায়িত্ব পালন করছেন, যারা আমাদের আকাশ রক্ষা করছেন তাদের সবাইকে ধন্যবাদ।’ ‘রাশিয়ার অপশক্তি ইউক্রেনের মনোবল ভাঙতে পারবে না এবং বড়দিনের আনন্দ মাটি করতে পারবে না।’ সূত্র : বিবিসি

