ফিলিস্তিনের গাজায় আবারো একটি হাসপাতালের পাশে হামলা করেছে ইসরায়েল। এ হামলায় ৫ সাংবাদিক নিহত হয়েছেন। নিহত হওয়ার সময়ও সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে ছিলেন।
নিহত সাংবাদিকদের পরিচয়ে নাম জানা যায়, ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান ও আয়মান আল-জাদি।
আজ বৃহস্পতিবার, সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন সূত্রে এমনটাই জানা যায়।
বৃহস্পতিবার সকালে, আল জাজিরার আনাস আল-শরিফ জানায়, আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে ঘটনাবলী কভার করছিলেন এবং সেসময়ই তাদের ব্রডকাস্টিং গাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল।
হামলার পর নেট-দুনিয়ায় ছড়িয়ে পড়া এক ফুটেজে একটি গাড়িকে আগুনে পুড়ে যেতে দেখা যাচ্ছে। পুড়তে থাকা সাদা রঙের ওই গাড়ির পেছনে বড় লাল অক্ষরে ‘প্রেস’ শব্দটি লেখা ছিল।
কুদস নিউজ নেটওয়ার্ক জানায়, বে-সামরিক প্রতিরক্ষা দলগুলো নিহতদের লাশ উদ্ধার করেছে এবং ঘটনাস্থলের আগুন নিভিয়েছেন।
কিন্তু এখনও ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ হামলা ও হত্যাকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

