উত্তর গাজার কার্যক্রম চালু থাকা একমাত্র কামাল আদওয়ান হাসপাতালে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ভেতরে থাকা রোগী, স্বাস্থ্যকর্মীসহ অনেকের অবস্থা সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি। সূত্র: আল-জাজিরা
শুক্রবার, হাসপাতালের ভবনে ঢুকে তল্লাশি করার নামে বর্বর হামলা চালায় এবং ভবনে আগুন ধরিয়ে দেয়। তারপর ভবনের পরিচালক হুসাম আবু সাফিয়াসহ বহু কর্মীকে আটক করে নিয়ে যায় ইসরায়েলি সেনারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াসহ হাসপাতালটির বহু কর্মীকে আটক করে একটি তদন্তকেন্দ্রে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, অভিযানে উত্তর গাজার সর্বশেষ বড় স্বাস্থ্য স্থাপনা কামাল আদওয়ান হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। প্রাথমিক খবরে এ অভিযানে হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে ও ধ্বংস হয়ে গেছে বলে ইঙ্গিত মিলেছে।
ডব্লিউএইচও জানায়, হাসপাতালটিতে অবস্থান করা ৬০ স্বাস্থ্যকর্মী ও ২৫ রোগী জীবনসংশয়ে রয়েছে। মাঝারি ও গুরুতর অবস্থার রোগীদের পার্শ্ববর্তী একটি অকার্যকর ইন্দোনেশিয়ান হাসপাতালে সরিয়ে নেওয়া হয়। তাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানায় ডব্লিউএইচও।
এর পূর্বে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, উত্তর গাজার আদওয়ান হাসপাতালটি হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তাই হামলা চালানো হয়েছে।
তাদের ভাষ্য উড়িয়ে দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, হাসপাতাল পুড়িয়ে দেওয়া এটি অবশ্যই ‘সুস্পষ্ট যুদ্ধাপরাধ’।
বার্তা আদান-প্রদানের টেলিগ্রামে সংগঠনটি জানায়, যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশের আশ্রয়-প্রশ্রয়ে গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত করে আসছে দখলদার ইসরায়েলি সরকার। এসব দেশ চলমান এই গণহত্যার অংশীদার।
এদিকে সৌদি আরব ও জর্ডান এ হাসপাতালে অভিযানের তীব্র নিন্দা জানায়। এ দেশ ২-টির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের অভিযান অবশ্যই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

