রাশিয়ার আকাশসীমা থেকে আজারবাইজানের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ জন্য তিনি প্রকাশ্যে ক্ষমাও প্রার্থনা করেছেন। শনিবার ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করার সময় ভুলবশত ওই যাত্রীবাহী উড়োজাহাজটি ভূপাতিত হয়। গত বুধবার আজারবাইজান এয়ারলাইনসের ওই উড়োজাহাজটি কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়ে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের রাজধানী গ্রোজনি যাচ্ছিল। এতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ৬৭ জন আরোহী ছিলেন।
দুর্ঘটনার পর আজারবাইজান সরকার বিষয়টির তদন্ত শুরু করেছে। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা। রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভুলবশত আজারবাইজানের ওই যাত্রীবাহী উড়োজাহাজটি ভূপাতিত করেছে।
ক্রেমলিনের বিবৃতিতে আরো বলা হয়, “রাশিয়ার আকাশসীমায় এ দুঃখজনক ঘটনার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমা চেয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।”
রাশিয়া দাবি করেছে, ইউক্রেন ওই সময় গ্রোজনি, মোজদোক এবং ভ্লাদিকাভাকাজে ড্রোন হামলা চালাচ্ছিল। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই হামলা প্রতিহত করার চেষ্টা করছিল কিন্তু এর ফলে ভুলবশত ওই যাত্রীবাহী উড়োজাহাজটি ভূপাতিত হয়।

