কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাসের সঙ্গে বৈঠক করেছেন। কাতারের রাজধানী দোহায় স্থানীয় সময় গতকাল শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হামাসের নেতৃত্ব দেন সংগঠনটির জ্যেষ্ঠ নেতা খলিল আল-হাইয়া।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে গাজায় যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ অঞ্চলে চলমান যুদ্ধের সমাপ্তি টানতে একটি স্পষ্ট ও সমন্বিত চুক্তি নিশ্চিত করতে এ প্রক্রিয়াকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সে উপায় নিয়ে আলোচনা হয়েছে।
কাতারের প্রধানমন্ত্রী দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। তবে যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতা করতে প্রকাশ্যে কাতার প্রধানমন্ত্রীর যুক্ত হওয়ার বিষয়টি খুব একটা নজরে পড়েনি। গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতা নিয়ে কয়েক মাস ধরেই অচলাবস্থা চলছে।
এদিকে কাতারের প্রধানমন্ত্রী বলেন, ‘ভবিষ্যৎ ট্রাম্প প্রশাসন একটি চুক্তিতে উপনীত হতে ব্যাপক উৎসাহ দিয়েছে।’ যুক্তরাষ্ট্র ও মিসরের পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে কাতার, যদিও তা আলোর মুখ দেখেনি।
এ পরিস্থিতিতে নভেম্বরে মধ্যস্থতার ভূমিকা থেকে সরে আসার ঘোষণা দেয় দোহা। সে সময় তারা বলেছিল, হামাস ও ইসরায়েল যখন সদিচ্ছা ও আন্তরিকতা দেখাবে, তখন আবার আলোচনা শুরু হবে। কিন্তু চলতি মাসে হামাস ও ইসরায়েলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার আয়োজন করে দোহা।
সূত্র : এএফপি

