রোববার সিরিয়ার দামেস্কের উপকণ্ঠে ইসরাইলি বিমান হামলায় ১১ জন নিহত হয়েছে। বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পরও ইসরাইল সিরিয়ার অস্ত্র এবং সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে চলেছে৷
ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রাজধানীর উত্তর-পূর্বে শিল্প শহর আদ্রার কাছে আসাদ বাহিনীর একটি অস্ত্রের ডিপোকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
সোমবার (৩০ ডিসেম্বর) বৈরুত-ভিত্তিক প্যান-আরব আল-মায়াদিন টিভিও বিমান হামলার খবর দিয়েছে। তবে তাদের প্রতিবেদনের মৃতের সংখ্যা ৬ জন বলা হয়েছে। রোববারের বিমান হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।
আসাদকে ক্ষমতাচ্যুত করা সিরিয়ার বিদ্রোহীরা এরইমধ্যে ইসরাইলকে বিমান হামলা বন্ধ করার দাবি জানিয়েছে। ২০১১ সালে দেশটির অভ্যুত্থান-গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ার উপর শত শত বিমান হামলা চালিয়েছে ইসরাইল, খুব কমই এসব হামলার দায় তেল আবিব স্বীকার করে। ইসরাইলের দাবি, তাদের লক্ষ্যবস্তু ইরান-সমর্থিত গোষ্ঠী যারা আসাদকে সমর্থন করেছিল।

