রোববার (২৯ ডিসেম্বর), বিশ্বব্যাপী একের পর এক ঘটছে বিমান দুর্ঘটনা। রোববার একদিনেই বিশ্ব দেখেছে দক্ষিণ কোরিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনা এবং কানাডার দুর্ঘটনা। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের মৃত্যুর পর এবার নরওয়েতে আরও একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে বাঁচলো নরওয়ে থেকে নেদারল্যান্ডসগামী যাত্রীবাহী একটি বিমান। সূত্র : বার্তা সংস্থা আনাদোলু
রোববার (২৯ ডিসেম্বর) প্রতিবেদন অনুসারে, নরওয়ে থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে যাত্রা করে রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। তবে উড্ডয়নের পরপরই কোনো কারণে এটি আবারও নরওয়ের বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। বিমানটিতে ১৮২ জন যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনার পরও তারা সবাই অক্ষত আছেন।
রয়্যাল ডাচ এয়ারলাইন্সের এক বিবৃতিতে জানা যায়, ‘বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ফ্লাইট নম্বর কেএল১২০৪ বিমানটি অসলো টর্প সানডেফজর্ড বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে ১৮-এর ডান দিকে ছিটকে পড়ে। বিমানটি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই আবারও সেখানে ঘুরে আসে।
এর পূর্বে গত বুধবার (২৫ ডিসেম্বর), কাজাখস্তানের আকতাউ অঞ্চলে বিধ্বস্ত হয় আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। ওই বিমানে ৬৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়। জীবিত উদ্ধার করা হয় ২৯ জনকে।
রোববার (২৯ ডিসেম্বর), স্থানীয় সময় সকাল ৯টার দিকে অবতরণের সময় দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮১ আরোহী নিয়ে জেজু এয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখনও উদ্ধার অভিযান চলছে। দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি সবাই নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও কানাডার হালিফাস্ক বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনায় পড়ে। অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় এয়ার কানাডার বিমানটি। সঙ্গে সঙ্গে বিমানের একটি অংশে আগুন ধরে যায়। ঘটনার পরই ওই বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যদিও এখন পর্যন্ত কানাডার বিমান দুর্ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি।

