ইংলিশ চ্যানেলের উত্তর ফ্রান্সের নিকটবর্তী অঞ্চলে (রোববার) নৌকাডুবির ঘটনায় অন্তত ৩ অভিবাসী প্রাণ হারায়। তারা নৌকাযোগে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করছিল। নৌকাডুবির পর থেকে এ পর্যন্ত ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। ধারণা করা হয় নৌকাটিতে ৫০ জন যাত্রী ছিলেন। সূত্র : ফ্রান্স মেরিটাইম প্রোফেকচুর কর্তৃপক্ষ
খবর পাবার পরে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নৌকায় থাকা যাত্রীদের উদ্ধার করে। ৩ জন যাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও পরে তারা মৃত্যু বরণ করে। উদ্ধার হওয়া বাকিদেরকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের বেশিরভাগই হাইপোথার্মিয়ায় ভুগছেন বলে জানানো হয়।
এখনও নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছেন পুলিশ।
ব্রিটেনের সীমান্ত নিরাপত্তা ও আশ্রয়বিষয়ক মন্ত্রী ডামে আঙ্গেলা ইগল জানায়, আজ (রোববার) সকালে সাগরে তিনজন নিহত হয়েছেন। কারণ, সমুদ্র চলাচলের অনুপযুক্ত নৌকায় গাদাগাদি করে মানুষ নিয়ে পারপারের জন্য অপরাধীরা মরিয়া হয়ে উঠেছে। উদ্ধারকাজে ফরাসী বাহিনীকে সহায়তা করছে ব্রিটেন সরকার।
অভিবাসনের উদ্দেশ্যে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের অনেক নাগরিকের ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য পৌঁছানোর এমন চেষ্টা নতুন নয়। পরিসংখ্যান বলছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ৩০ হাজার অভিবাসনপ্রত্যাশী এই পথে যুক্তরাজ্যে পৌঁছেছেন। আর ক্রিসমাস পরবর্তী চারদিনে প্রায় দেড় হাজার অভিবাসনপ্রত্যাশী এই পথে যুক্তরাজ্য পৌঁছেছেন। সূত্র : রয়টার্স

