মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য ভারতের পক্ষ থেকে একটি ষড়যন্ত্র করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, চীনপন্থী এই প্রেসিডেন্টকে সরাতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) মালদ্বীপের বিরোধী নেতাদের নিয়ে একটি ‘নীলনকশা’ তৈরি করেছিল।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের শেষ দিকে মুইজ্জু মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি ভারতের বলয়ের বাইরে গিয়ে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের পদক্ষেপ নেন। এর অংশ হিসেবে তিনি মালদ্বীপে অবস্থানরত ভারতীয় সেনাদের ফিরিয়ে নিতে সময়সীমা বেঁধে দেন এবং বেইজিংয়ের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি সইয়ের তোড়জোড় শুরু করেন।
এই পরিস্থিতিতে মুইজ্জুকে সরাতে র–এর এজেন্টরা গোপনে মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেন। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তারা একটি পরিকল্পনা প্রণয়ন করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আলোচনায় অংশগ্রহণকারীদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, পরিকল্পনার অংশ হিসেবে বিরোধী নেতারা প্রেসিডেন্টের নিজের দলের সদস্যসহ ৪০ জন আইনপ্রণেতাকে ঘুষ দিয়ে অভিশংসনের প্রস্তাব দেওয়ার চেষ্টা করেন।
এ ছাড়া নথিতে দেখা যায়, মুইজ্জুকে উৎখাতের জন্য ১০ জন ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তা এবং তিনটি অপরাধী চক্রকে অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এসব ঘুষ দিতে র–এর এজেন্টরা ৮ কোটি ৭০ লাখ মালদ্বীপি রুপিয়া (প্রায় ৬০ লাখ মার্কিন ডলার) সংগ্রহের পরিকল্পনা করেছিল। যা ভারতের কাছ থেকে পাওয়া যাবে বলে ধারণা করা হয়েছিল।
তবে শেষ পর্যন্ত এই ষড়যন্ত্র সফল হয়নি। মুইজ্জুকে অভিশংসনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে ব্যর্থ হন ষড়যন্ত্রকারীরা। পাশাপাশি, ভারতও পরিকল্পনায় অর্থায়নের উদ্যোগ থেকে সরে আসে।
বিশ্লেষকদের মতে, মুইজ্জুকে সরানোর এই পরিকল্পনা ব্যর্থ হলেও এটি ভারত ও চীনের মধ্যকার ছায়াযুদ্ধের একটি বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এশিয়ার কৌশলগত এলাকাগুলোতে প্রভাব বিস্তারের লড়াইয়ে দুই দেশের প্রতিযোগিতা আরও স্পষ্ট হয়েছে এই ঘটনার মাধ্যমে। বিশেষ করে ভারত মহাসাগরের ভূরাজনৈতিক পরিবেশে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে আসা এই তথ্য মালদ্বীপের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে এটি আঞ্চলিক রাজনীতিতে চীন ও ভারতের প্রভাব বিস্তারের প্রতিযোগিতার গভীরতাও প্রকাশ করেছে।

