ইসরায়েলি হামলায় ধ্বংসস্তুপে পরিণত গাজা উপত্যকায় শীতের কারণে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টিতে অনেক তাঁবু পানিতে তলিয়ে গেছে। ইতোমধ্যে হাইপোথার্মিয়ার কারণে কয়েকজন শিশুর মৃত্যুও হয়েছে।
আলজাজিরার প্রতিবেদন সূত্রে জানা যায়, ভারি বর্ষণে কেন্দ্রীয় দেইর এল-বালাহ এবং দক্ষিণ আল-মাওয়াসিতে কয়েক ডজন তাঁবু প্লাবিত হয়েছে। বৃষ্টি, বজ্রঝড় এবং তাপমাত্রা কমে যাওয়া গাজা উপত্যকাজুড়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্দশা বাড়িয়ে তুলছে।
গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, উপত্যকতার লোকজন যে এক লাখ ৩৫ হাজার তাঁবুতে আশ্রয় নিয়েছেন সেগুলোর মধ্যে প্রায় এক লাখ ১০ হাজার জরাজীর্ণ এবং ব্যবহারোপযোগী নয়।
এদিকে, গাজায় শীতকালীন প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে ইসরায়েল। ত্রাণ গোষ্ঠীগুলোর তথ্য অনুসারে, যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রায় ১০ লাখ ফিলিস্তিনির শীতকালে বেঁচে থাকার জন্য পর্যাপ্ত আশ্রয় নেই। শীতে এখানকার তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণের কারণে বহু ভবন ধসে গেছে। ফলে এই শীতে গাজায় আরও কম ভবন দাঁড়িয়ে আছে। এই কারণে গাজায় তাঁবু ছাড়া থাকার মতো তেমন কোনো ব্যবস্থা নেই।
আর বারবার ইসরায়েলি হামলা থেকে পালাতে থাকা ফিলিস্তিনিরা তেরপলিন, কম্বল, বোর্ড এমনকি পুরনো চালের বস্তা দিয়ে তৈরি অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিচ্ছে। গাজায় পর্যাপ্ত পরিমাণে ত্রিপল, পলিথিন ও প্লাস্টিকের বড় কোনো সরবরাহ নেই।
এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

