জমকালো আয়োজনে বিশ্বজুড়ে নতুন বছর বরণের উৎসব চললেও এবার তার উল্টো চিত্র গাজায়। এ দিনও শান্তিতে কাটাতে পারল না প্যালেস্তাইনবাসী। উত্তরের জাবালিয়া এবং মধ্যাঞ্চলে আল বুরেজ শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যাতে অন্তত ২২ জন নিহত হয়েছে। এর আগে বেত লাহিয়ায় মৃত্যু হয় ছয় ফিলিস্তিনির। তাঁদের অধিকাংশই মহিলা এবং শিশু।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, উত্তর গাজার জাবালিয়া এলাকায় একটি বাড়িতে সেখানকার স্থানীয় সময় সোমবার ভোররাতে আছড়ে পড়ে ইজরায়েলি বোমা। সেখানে মৃত্যু হয় সাতজনের। এঁদের মধ্যে একজন মহিলা এবং চার শিশু। জখম হয়েছেন বহু মানুষ। ইজরায়েলি হামলার হাত থেকে বাদ যায়নি শরণার্থী শিবিরও।
অন্যদিকে, মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে হামলায় মৃত্যু হয়েছে এক মহিলা এবং এক শিশুর। সম্প্রতি ইজরায়েলে রকেট হামলা চালিয়েছে হামাস। এরপর প্রত্যুত্তরের আশঙ্কা তৈরি হয়েছিল। সেই মতো বুরেজ থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল প্রশাসন। এরপরও প্রাণহানি আটকানো গেল না।
গ্রেপ্তার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়ার মুক্তির দাবি জানিয়েছে- তাঁর পরিবার।
ইজরায়েল-হামাস যুদ্ধ ১৫ মাস অতিক্রান্ত। এখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ চোখে পড়ছে না।
গাজার এক যুবক জানায়, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষায় দিন গুনছি। হয়তো নতুন বছরে যুদ্ধ শেষ হবে। এর মধ্যে শীত ও বৃষ্টিতে বাড়ছে প্রাণহানি। ক্ষুধার যন্ত্রণায় মানবেতর জীবন কাটাচ্ছে তারা। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধে আরব ও ইসলামিক দেশসহ পুরো বিশ্বের প্রতি আহ্বান গাজাবাসীর।
ইসরায়েলের আগ্রাসন শুরুর পর গাজার জনসংখ্যা প্রায় ৬ শতাংশ কমে গেছে বলে জানায়- ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো। নিহত হয়েছে সাড়ে ৪৫ হাজারের বেশি মানুষ। গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। জরুরি চিকিৎসার জন্য এরই মধ্যে ৫০ রোগীকে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে।

