ইউরোপের বলকান অঞ্চলের ছোট দেশ মন্টিনিগ্রোতে আলেকসান্ডার মার্টিনোভিচ (৪৫) নামে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। জানা গেছে নিহতদের মাঝে ২টি শিশুও প্রাণ হারায়।
নতুন বছরের প্রথম দিনে দেশটির দক্ষিণাঞ্চলে একটি রেস্তোরাঁর মধ্যে তর্ক-বিতর্কের জেরে আলেকসান্ডার মার্টিনোভিচ সেখানে বন্দুক হামলা করেন এবং এতেই প্রাণহানির এই ঘটনা ঘটে। পরে হামলাকারী আলেকসান্ডার মার্টিনোভিচকে পুলিশ ধাওয়া করে ঘিরে ফেললে, অবস্থা বেগতিক দেখে নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর এএফপি ও আরব নিউজের।
মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিক বন্দুক হামলা ও প্রাণহানির এই ঘটনাকে “ভয়ানক ট্র্যাজেডি” হিসেবে বর্ণনা করেছেন। একইসঙ্গে বৃহস্পতিবার থেকে তিন দিনের জাতীয় শোকও ঘোষণা করেছে তার সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী দানিলো সারানোভিচের মতে, বন্দুকধারী তার নিজের পরিবারের সদস্যদের, রেস্টুরেন্ট মালিকের দুই সন্তান এবং মালিককেও হত্যা করেছে।
পুলিশ জানায়, তর্ক-বিতর্কের এক পর্যায়ে রেস্তোরাঁর ভিতরে গুলি ছোড়েন মার্টিনোভিচ। এ সময় তিনি মদ্যপ ছিলেন। সেখান থেকে পালিয়ে যাওয়ার পর পৃথক আরো তিন স্থানে তার বন্দুকের গুলিতে দুই শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। তার বিরুদ্ধে আগে থেকেই অবৈধভাবে অস্ত্র ব্যবহারের অভিযোগ ছিল।
বিবিসি জানায়, মূলত বলকান অঞ্চলের ছোট রাষ্ট্র মন্টিনিগ্রোতে এ ধরনের বন্দুক হামলার ঘটনা তুলনামূলকভাবে বিরল।

