ইসরাইলি বোমা হামলায় গাজার আল-জাওয়াইদা এলাকায় নিজ বাড়িতে নিহত হয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক ওমর আল-দিরাউই। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত তিনি দ্বিতীয় গণমাধ্যমকর্মী। এর আগে, ফটোগ্রাফার হাসান আল-কিশাউইয়ের মৃত্যু ঘটে একই ধরনের হামলায়।
শুক্রবার (৩ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ফিলিস্তিনি মিডিয়া সেন্টারের বরাতে জানা যায়, ইসরাইলি সামরিক বাহিনীর চালানো হামলায় মধ্য গাজার আজ-জাওয়াইদা এলাকায় রাতে নিহত হন ওমর আল-দিরাউই।
গাজার পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে। ইসরাইলের অব্যাহত বোমা হামলায় ২৩ লাখ জনসংখ্যার অধিকাংশ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। গৃহহীন মানুষেরা ক্ষুধা, দুর্ভিক্ষ এবং চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করছেন। তবু থেমে নেই ইসরাইলের বোমাবর্ষণ। প্রতিদিনই নতুন প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের খবর আসছে।
এই পরিস্থিতিতেও সংবাদ সংগ্রহ ও তা বিশ্বমঞ্চে তুলে ধরতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনি সাংবাদিকরা। তাদের কাজ শুধু চ্যালেঞ্জিং নয়, অনেক ক্ষেত্রেই জীবন বিপন্ন হওয়ার শামিল।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় কমপক্ষে ২১৭ জন সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন। এ তথ্য বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনার জায়গা তৈরি করেছে।
যুদ্ধবিরতির আলোচনা বারবার ব্যর্থ হওয়ায় গাজা যুদ্ধ এখন ১৫তম মাসে গড়িয়েছে। ইসরাইলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে ফিলিস্তিনের বিভিন্ন স্থানে চালানো হয়েছে ৩৪টি বিমান হামলা।
গাজার বাস্তবতাকে উপলব্ধি করা কেবল হৃদয়বিদারকই নয়, এটি মানবতার ওপর এক ভয়াবহ আঘাত। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

