যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে নিউইয়র্কে ঘুষের মামলায় সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন একজন বিচারক। আগামী দশই জানুয়ারি এ বিষয়ে আদেশ দেয়া হবে। এর দুই সপ্তাহের মধ্যেই তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে।
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার দশ দিন আগেই তার সাজা ঘোষণা করা হবে। তবে শুক্রবার (৩ জানুয়ারি), নিউইয়র্কের বিচারক জুয়ান মার্চান মি. ট্রাম্পকে কারাদণ্ড বা জরিমানা না দিয়ে ‘শর্তহীন খালাস’ দেয়ার ইঙ্গিত দিয়েছেন। সূত্র : রয়টার্স
পাশাপাশি তিনি তার আদেশে লিখেছেন যে, মি. ট্রাম্প স-শরীরে কিংবা ভার্চুয়ালি শুনানিতে অংশ গ্রহন করতে পারবেন। তবে কারাদণ্ড না হলেও এই মামলায় আদালতের নির্দেশের ফলে ‘দোষী সাব্যস্ত অপরাধী’ হিসেবেই শপথ নিতে হবে ট্রাম্প।
বিচারকের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বিচারকের ওই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘অবৈধ রাজনৈতিক হামলা’ এবং ওই মামলাকে একটি ‘সাজানো পরিহাস’ বলে বর্ণনা করেন।
পর্ন তারকাকে ঘুস দেওয়ার মামলায় ট্রাম্পকে নিয়ে বিতর্ক দীর্ঘ দিন ধরেই চলছে। ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডন্ট হওয়ার আগে থেকে এই বিতর্কের সূত্রপাত। পর্নতারকা স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুস দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে এবং ৩৪ টি মামলা হয়েছিল তার বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, স্টর্মির সঙ্গে শারীরিক সম্পর্কের পরে ২০১৬ সালের নির্বাচনি প্রচারের সময়ে তার মুখ বন্ধ রাখতে ঘুস দিয়েছিলেন ট্রাম্প। প্রথমে ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন ওই পর্ন তারকাকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুস দেন। পরে কোহেনকে সেই অর্থ মেটাতে গিয়ে ব্যবসায়িক নথি জাল করার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। যদিও বার বারই এ অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প।

