মিয়ানমারে ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় ৫ হাজার ৮৬৪ বন্দিকে মুক্তি দিচ্ছে দেশটির জান্তা সরকার। জানা যায়, তাদের মধ্যে ১৮০ জন বিদেশিও রয়েছে।
শনিবার (০৪ জানুয়ারি), বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া যায়।
প্রতিবেদন অনুসারে জানা যায, প্রতি বছর ৪ জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। ১৯৪৮ সালের এই দিনে মিয়ানমার (তৎকালীন বার্মা) ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা অর্জন করে। এই দিনটি সেখানে জাতীয় ছুটি হিসেবে উদযাপিত হয় এবং দেশজুড়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, পতাকা উত্তোলন, সামরিক কুচকাওয়াজ ও জনসমাবেশের আয়োজন করা হয়।
খবরে আরো জানা যায়, ২০২১ সালের শুরুর দিকে দেশটির নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী। তারপর থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনকে সহিংসভাবে দমন করছে জান্তারা, যা একটি জাতীয় সশস্ত্র বিদ্রোহের জন্ম দিয়েছে।
যদিও জান্তা জানিয়েছে, তারা এ বছর নির্বাচন দেবে। কিন্তু এই পরিকল্পনা প্রহসন বলে নিন্দা জানিয়েছে বিরোধী গোষ্ঠীগুলো।
সামরিক জান্তার হাতে বন্দিদের মধ্যে দেশটির সাবেক নেত্রী নোবেল বিজয়ী অং সান সু চিও রয়েছেন।
৭৯ বছর বয়সী এই নেত্রী নির্বাচনে জালিয়াতি থেকে শুরু করে দুর্নীতির দায়ে ১৪টি ফৌজদারি অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

