শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছে, নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক জোরদার করতে প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান শেষ বারের মতো আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন।
সফরের লক্ষ্য, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় ভারত-আমেরিকা কৌশলগত সম্পর্ক জোরদার করা। প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা ‘বাইডেন প্রশাসনের জন্য পররাষ্ট্রনীতির প্রকৃত অগ্রাধিকার ও ঐতিহ্যগত অর্জনের ক্ষেত্র।’
সফরের মূল আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে বেসামরিক পরমাণু অংশীদারিত্ব, সেমিকন্ডাক্টর ও বায়োফার্মা সাপ্লাই চেইনে চীনের প্রভাব, কৌশলগত প্রযুক্তি সহযোগিতা এবং অন্যান্য নিরাপত্তা অগ্রাধিকার। এ প্রসঙ্গে আরেক কর্মকর্তা জানান, ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজি (আইসিইটি)-তে দুই দেশের যৌথ উদ্যোগকে আরও শক্তিশালী করাই এই সফরের মূল লক্ষ্য।
সুলিভানের এ সফর তিব্বত মালভূমিতে চীনের প্রস্তাবিত জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ ঘিরে ভারত-চীনের উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই বাঁধ ভারতের পাশাপাশি বাংলাদেশের কোটি কোটি মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ভয়েস অব আমেরিকার প্রশ্নের জবাবে এক কর্মকর্তা জানায়, ‘দেশগুলোতে জল সম্পদের ন্যায্য এবং ন্যায়সঙ্গত পরিচালনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’ এছাড়াও এই সফরে বাঁধসহ অন্যান্য আঞ্চলিক উদ্বেগের বিষয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
এই সফরের মূল প্রাধান্য হচ্ছে, ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজি (আইসিইটি) সম্পর্কিত যুক্তরাষ্ট্র ও ভারতের একটি সম্মিলিত উদ্যোগ। ২০২২ সালের মে মাসে বাইডেন এবং মোদী এআই থেকে কোয়ান্টাম কম্পিউটিং, সেমিকন্ডাক্টর থেকে মহাকাশ পর্যন্ত বিভিন্ন এলাকা জুড়ে তাদের সরকার, ব্যবসায় এবং একাডেমিক প্রতিষ্ঠানের মধ্যে কৌশলগত প্রযুক্তি অংশীদারিত্ব এবং প্রতিরক্ষা-শিল্প সহযোগিতা জোরদার করার ঘোষণা দিয়েছিলেন।

