যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে ইসরাইলের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব চুক্তিতে পৌঁছাতে চায় ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস। শুক্রবার (৩ জানুয়ারি) যুদ্ধবিরতি নিয়ে কাতারের সঙ্গে পরোক্ষ বৈঠকের নতুন দফায় এই মন্তব্য করেছে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা বাসেম নাইম। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এমনটাই দেখা যায়।
গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করাকে মূল বিবেচনায় রেখে নতুন দফার আলোচনা চলছে। গত এক বছর ধরে দোহায় চলমান আলোচনায় কোনও কার্যকর সমঝোতা না হওয়ায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি এখনও অধরা রয়ে গেছে। সূত্র : ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স
বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পুনরায় প্রেরণের অনুমোদন দিয়েছেন। তবে তিনি যুদ্ধের স্থায়ী সমাপ্তির সম্ভাবনাকে প্রকাশ্যে অস্বীকার করেছেন।
হামাস ও ইসরায়েল ২০২৩ সালের ডিসেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তির সমঝোতার চেষ্টা করছিল। তবে তখনও হামাস অভিযোগ করেছিল যে, ইসরায়েলি আলোচকরা নতুন শর্ত চাপিয়ে সমঝোতার পথে বাধা সৃষ্টি করছে।
অন্যদিকে ইসরাইল সেই অভিযোগগুলো প্রত্যাখ্যান করে বলেছে, যুদ্ধবিরতিতে নতুন বাধাতৈরি করছে হামাস।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল দীর্ঘদিন ধরে জোর দিয়ে আসছে, হামাস যুদ্ধবিরতিতে বাধা, কিন্তু বিশ্লেষকরা জানায়- নেতানিয়াহু চুক্তি করতে খুব কম আগ্রহ দেখিয়েছে।
২০২৪ সাল জুড়ে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল দাবি করে, প্রয়াত হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার যুদ্ধবিরতির প্রধান প্রতিবন্ধকতা। কিন্তু দুই মাস আগে, ইসরাইলি বাহিনী সিনওয়ারকে হত্যা করলেও যুদ্ধবিরতি এখনও দেখা যাচ্ছে না।
এদিকে, ২০ জানুয়ারি অভিষেকের আগেই একগাদা হুমকি ধামকি দিয়ে পুরো বিশ্বকে ব্যতিব্যস্ত করে রাখা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ওভাল অফিসে বসার আগে বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত না হলে হামাসকে তার ‘চরম মূল্য দিতে হবে’।

