‘সাহসী’ সাংবাদিক হিসেবে পরিচিত ভারতের ছত্তিসগড়ের ফ্রিল্যান্স সাংবাদিক মুকেশ চন্দ্রকর। একের পর এক চাঞ্চল্যকর সংবাদ প্রকাশ করে নজরে ছিলেন অনেকের। প্রভাবশালীদের দুর্নীতির খবর প্রকাশই কি কাল হলো সাংবাদিক মুকেশের! যে কারণে হয়তো ‘নৃশংসভাবে’ হত্যার শিকার হতে হলো তাকে। রোববার (৫ জানুয়ারি) বিবিসির সংবাদে এমনটাই জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মুকেশ একটি সড়ক নির্মাণ প্রকল্পে ১২০ কোটি টাকার দুর্নীতির খবর ফাঁস করেছিলেন। তার প্রতিবেদন প্রকাশের পরেই তিনি চক্ষুশূল হয়ে উঠেছিলেন অনেকের।
স্থানীয় সূত্র মতে, গঙ্গালুর থেকে হিরোলি পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের টেন্ডারের প্রাথমিক খরচ ছিল ৫০ কোটি টাকা, যা অস্বাভাবিকভাবে ১২০ কোটিতে পৌঁছে যায়। মুকেশ এই দুর্নীতির পেছনের মূলহোতাদের চিহ্নিত করে রাজ্য সরকারের নজরে আনেন।
এদিকে মুকেশের চাচাতো ভাই রীতেশ চন্দ্রকরসহ ৪ জনকে হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, ঘটনার দিন মুকেশ এবং অভিযুক্তরা একসঙ্গে নৈশভোজে অংশ নেন। সেখানেই তর্ক-বিতর্কের জেরে রীতেশ ও অন্যরা মুকেশকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। হত্যার পর তার মরদেহ সেপটিক ট্যাংকে লুকিয়ে সিমেন্ট দিয়ে মুখ বন্ধ করে দেয়। উল্লেখ্য, সাংবাদিক মুকেশ চন্দ্রকর ছিলেন বিজাপুর ও বস্তারের দুর্নীতি ও অপরাধের মুখোশ উন্মোচনে অগ্রগামী। তার নিজের ইউটিউব চ্যানেল ‘বস্তার জংশন’-এর মাধ্যমে তিনি নির্ভীকভাবে এলাকার বিভিন্ন সমস্যা ও ঘটনা তুলে ধরতেন। তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছিল দেড় লাখের বেশি। মুকেশের নিকটজনরা জানিয়েছেন, তিনি কখনো ভয় পেতেন না এবং সত্য উদঘাটনে সবসময় দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।
এদিকে, মুকেশের নৃশংস হত্যাকাণ্ড সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এডিটরস গিল্ড অব ইন্ডিয়া। কটি বিবৃতিতে সব সাংবাদিক, বিশেষ করে- ছোট শহর ও গ্রামীণ এলাকায় কাজ করা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানায় তারা। সেই সঙ্গে ভারতের সরকারকে মুকেশ হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
মুকেশ চন্দ্রকর তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সত্যের জন্য লড়াই করেছেন। তার এই আত্মত্যাগ সাংবাদিক সমাজকে অনুপ্রেরণা জোগাবে, একই সঙ্গে তার মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্বকে আরও জোরালো করবে।

