আজ সোমবার (৬ জানুয়ারি), দেশটির কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে সকালে দুটি শিশুর শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়। চীন, মালয়েশিয়ার পর এবার ভারতেও শনাক্ত হলো এ ভাইরাস।
জানা যায়, তিন মাস বয়সী শিশুটিকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে ও আট মাস বয়সী শিশুটি কর্ণাটকের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সে-ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। সূত্র : এনডিটিভি
এ বিষয়টি কেন্দ্র করে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও আজই জরুরি বৈঠক করেন। তিনি দেশের মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন পাশাপাশি সতর্ক হতে বলেন।
স্বাস্থ্যসচিব গুপ্তা জানায়, এই ভাইরাস নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এইচএমপিভি ভারতেও রয়েছে। তবে এই ভাইরাসটির রূপান্তর হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
তবে চীনে প্রথম এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে। পরে মালয়েশিয়াতেও বৃদ্ধি পাচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জনসাধারণকে মাস্ক ব্যবহার ও বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র : এএফপি
২০২০ সালের করোনা মহামারির পর এবার চীনে নতুন এ ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এতে হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে এ ভাইরাসের প্রভাব বেশি দেখা যাচ্ছে।
চীনের পর মালয়েশিয়াতেও এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সচেতনতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে। সূত্র : দ্য ইকোনমিক টাইমস
চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য (সিডিসি) অনুসারে, গত ১৬ থেকে ২২ ডিসেম্বর দেশটিতে এইচএমপিভির সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। শ্বাস-প্রশ্বাসজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি হওয়ার হারও বৃদ্ধি পেয়েছে, যা করোনাভাইরাস, রাইনোভাইরাস বা অ্যাডিনোভাইরাসের চেয়েও বেশি। মূলত ১৪ বছর বা তার কম বয়সী শিশুদের মধ্যে এইচএমপিভির প্রকোপ সবচেয়ে বেশি দেখা গেছে।

