প্রবল শীতকালীন ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের ৬০ মিলিয়নের বেশি মানুষ। এ বৈরী আবহাওয়ায় দেশটিতে হতে পারে এক দশকের সবচেয়ে শক্তিশালী তুষারঝড়, তাপমাত্রা নেমে যেতে পারে রেকর্ড সর্বনিম্ন স্তরে।
বৈরী আবহাওয়ার কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে সাতটি অঙ্গরাজ্যে-ক্যানসাস, মিসৌরি, কেন্টাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, আরাকানসার ও নিউজার্সির একাংশে। এর মধ্যে ঝড়ের সবচেয়ে বড় প্রভাব পড়েছে কেন্টাকিতে। যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র তুষারঝড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। সূত্র : বিবিসি
ঝড়ের কারণে ব্যাহত হয়েছে বিমান চলাচলও। কয়েক হাজার ফ্লাইট বিলম্বিত কিংবা বাতিল করা হয়েছে। ঝড়ে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে অজস্র সড়ক। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল।
সোমবার (৬ জানুয়ারি), বিকালে আড়াই লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ছিল। পূর্ব উপকূলে রাতভর দেয়া হয়েছিল তুষারপাতের পূর্বাভাস।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মেরু ঘূর্ণির কারণে আবহাওয়ার এমন চরম অবস্থা দেখা যাচ্ছে। মেরু ঘূর্ণি একটি ঠান্ডা বায়ুপূর্ণ এলাকা, যা আর্কটিক অঞ্চলে চলাচল করে। এই মেরু ঘূর্ণি যুক্তরাষ্ট্রে ঠান্ডা আবহাওয়া নিয়ে এসেছে।
ওয়াশিংটন ডিসিতে ৫-৯ ইঞ্চি (১৩-২৩ সেমি) তুষারপাত হয়েছে। মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ার কাছাকাছি এলাকায় এক ফুট পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। ওয়াশিংটন ডিসিতে আবহাওয়া সংক্রান্ত জরুরি অবস্থা মঙ্গলবার ভোর পর্যন্ত জারি থাকবে। এই ঝড়কে আবহাওয়া চ্যানেল ‘উইন্টার স্টর্ম ব্লেয়ার’ নামে অভিহিত করেছে।
ভার্জিনিয়ায় মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত ৩০০-৩৬৫ টি গাড়ি দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এতে অন্তত ১ জন চালক মারাও গেছেন।
তুষারঝড়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মাঝে বেশ কিছু মানুষ নিহত হবার কথা বিভিন্ন প্রতিবেদনে অনুসারে উঠে এসেছে।

