নিউইয়র্ক থেকে ফ্লোরিডায় যাওয়া জেটব্লু ফ্লাইটে স্থানীয় সময় সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় অবতরণ করা জেটব্লু বাণিজ্যিক বিমানের ল্যান্ডিং গিয়ারের ভিতর থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জানুয়ারি), সংবাদমাধ্যম ইউএসএ টুডের এক প্রতিবেদনে এ খবর পাওয়া যায়।
প্রতিবেদন অনুসারে, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমানটি ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল।
জেটব্লু এক বিবৃতিতে জানায়, বিমানটি আসার পর, এটির নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় মৃতদেহ দুটি পাওয়া যায়। ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটা এই ঘটনাটির তথ্য লং আইল্যান্ড সিটির কর্পোরেট সদর দফতরের মুখপাত্র নিশ্চিত করেছেন।
জেটব্লু মুখপাত্র মঙ্গলবার (৭ জানুয়ারি) জানায়, ফেডারেল তদন্তকারীরা এখন তদন্ত করছেন কীভাবে এই দুই ব্যক্তি জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে ফ্লাইট ১৮০১-এ অননুমোদিতভাবে প্রবেশ করতে সক্ষম হয়েছিলেন। দুঃখজনকভাবে উভয় ব্যক্তি মৃত অবস্থায় পাওয়া গেছে। তাদের পরিচয় এবং তারা কীভাবে বিমানে প্রবেশ করেছিল তা তদন্তাধীন রয়েছে বলে জানায় কর্মকর্তারা।
জেটব্লুর বিমানটি জানুয়ারি ৫ তারিখে জেএফকে থেকে কিংস্টন, জামাইকায় পৌঁছানোর পর সেখানেই রাত কাটায়। ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তিরা জামাইকার নাগরিক হতে পারে।
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম ইউএসএ টুডে জেটব্লু’র মন্তব্য চাইলেও, তাৎক্ষণিকভাবে জবাব দেয়নি সংস্থাটি।

