গত কয়েক দিনের আকস্মিক ভারী বৃষ্টিতে সৌদি আরবে বন্যা শুরু হয়েছে। এ কারণে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় ইতোমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম)। সূত্র : আলজাজিরা
মক্কা ও মদিনার অবস্থান সৌদির পশ্চিমাঞ্চলে। এনসিএমের কর্মকর্তারা জানায়, বন্যার পানিতে দেশটির পূর্বাঞ্চলও ডুবে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি। এছাড়া বিভিন্ন ভবনের একতলার প্রায় অর্ধেক ডুবে গেছে।
বন্যার কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী রিয়াদ, মধ্যাঞ্চল ও দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ আসির এবং জাজানে। অনেক এলাকায় বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে উল্লেখ করা হয়েছে এনসিএমের সর্বশেষ পূর্বাভাসে।
বন্যার কারণে আটকে পড়াদের উদ্ধারে যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে এক বিবৃতিতে জানায়- সৌদির দুর্যোগ মোকাবিলা দপ্তর এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্ট।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, মক্কা-মদিনার রাস্তাঘাট প্লাবিত, গাড়ি ও ভবন ডুবে যাচ্ছে এবং উপত্যকা ও নিচু এলাকাগুলোতে পানি জমে আছে। নাগরিকদের এই পরিস্থিতিতে সতর্ক থাকতে এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে আহ্বান জানানো হয়েছে।

