যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে ধ্বংস হয়ে যাচ্ছে সবকিছু। চারপাশে সাইরেনের শব্দ, আকাশে ঘন ধোঁয়া আর আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন, ক্ষতি হয়েছে প্রায় ৫০ বিলিয়ন ডলারের সম্পদের।
মঙ্গলবার বিনোদন জগতের কেন্দ্র লস অ্যাঞ্জেলেসে দাবানলের সূত্রপাত ঘটে। এরপর বৃহস্পতিবার পর্যন্ত ছয়টি আলাদা দাবানল ছড়িয়ে পড়ে, যার মধ্যে তিনটি এখনও নিয়ন্ত্রণের বাইরে। প্রচণ্ড ঝড়ো বাতাসের কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে ১ লাখ ৭৯ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসেইডসে দাবানলের সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে। প্রায় ১৫ হাজার ৮৩২ একর এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। এই এলাকার হলিউড তারকা বিলি ক্রিস্টালের বাড়ি পুড়ে গেছে। আগুন ছড়িয়েছে হলিউড হিলসেও। টেলিভিশনে নিজের বাড়ি পুড়তে দেখেছেন অভিনেত্রী প্যারিস হিলটন, আর অস্কারজয়ী জেমি লি কার্টিস নিজের বাড়ি রক্ষার জন্য সবার কাছে প্রার্থনা চেয়েছেন।
স্যাটেলাইট ছবিতে দাবানলের ভয়াবহতা ফুটে উঠেছে। ধোঁয়ায় আচ্ছন্ন এলাকাগুলোর মধ্যে হঠাৎই বেরিয়ে আসছে আগুনের শিখা। এখন পর্যন্ত প্রায় দুই হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে। যার মধ্যে রয়েছে বহু বিলিয়ন ডলারের সম্পদ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৩ লাখ ১১ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান।
অ্যাকুওয়েদারের প্রধান আবহাওয়াবিদ জোনাথন পোর্টারের মতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আগুনের কারণে অনেক ব্যবসা বন্ধ হয়ে যাবে, কর্মসংস্থান হ্রাস পাবে এবং ধোঁয়ার প্রভাবে চিকিৎসা খরচ বেড়ে যাবে।

অগ্নিকাণ্ডে আল্টিডিনা এলাকার ৬৬ বছর বয়সী ভিক্টর শ’র মৃত্যু হয়েছে। নিরাপদে সরে যাওয়ার নির্দেশ উপেক্ষা করায় তাঁর মরদেহ বাড়ি থেকে উদ্ধার করা হয়। আরেক বাসিন্দা উইলিয়াম গঞ্জালেস নিজের বাড়ি হারিয়ে বলেন, “আমার সব স্বপ্ন আগুনে পুড়ে গেছে।”
দাবানলের সুযোগে পরিত্যক্ত বাড়িতে লুটপাটের ঘটনাও ঘটছে। এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় বোর্ড অব সুপারভাইজারসের প্রধান ক্যাথরিন বার্জার বলেন, “এটি গ্রহণযোগ্য নয়। অপরাধীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে।”
আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে প্রচণ্ড চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। গত কয়েক মাস ধরে বৃষ্টির অভাবে কিছু এলাকার পানি সরবরাহ হ্রাস পেয়েছে। ফলে হাইড্রেন্টগুলো শুকিয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিস প্রধান অ্যান্থনি ম্যারন বলেন- “আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, তবে কর্মী সংকট ও পানির অভাবে কাজ কঠিন হয়ে পড়েছে।”
ক্যালিফোর্নিয়ার পানি সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, প্রেসিডেন্ট জো বাইডেন দাবানল নিয়ন্ত্রণে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
লস অ্যাঞ্জেলেসের এই দাবানল ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংস, মৃত্যু আর বিপর্যয়ের এই অধ্যায় যেন লস অ্যাঞ্জেলেসের মানুষকে আরও গভীর সংকটে ফেলে দিয়েছে।

