ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সিনিয়র ফরেন সার্ভিসের সদস্য ট্রেসি অ্যান জ্যাকবসন। আগামীকাল তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন। দীর্ঘ ও সমৃদ্ধ কূটনৈতিক জীবনে তিনবার তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোয় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন জ্যাকবসন।
সম্প্রতি তিনি নিকট প্রাচ্যবিষয়ক ব্যুরোর ঊর্ধ্বতন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এছাড়া ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করেন।
কূটনৈতিক কাজের পাশাপাশি ফরেন সার্ভিসের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন ট্রেসি অ্যান জ্যাকবসন। তিনি স্কুল অব প্রফেশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজের ডিন এবং ন্যাশনাল ফরেন অ্যাফেয়ার্স ট্রেনিং সেন্টারের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলেও তার অবদান স্মরণীয়। তিনি সেখানে ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি ও সিনিয়র ডিরেক্টর ফর অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কাজ করেছেন। এছাড়াও, লাটভিয়ার রিগায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
শিক্ষাজীবনে ট্রেসি অ্যান জ্যাকবসন জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও এমএ ডিগ্রি অর্জন করেন। তার পেশাগত জীবনের সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি সেক্রেটারির ডিস্টিংগুইশড সার্ভিস অ্যাওয়ার্ড। দুটি প্রেসিডেন্সিয়াল র্যাংক অ্যাওয়ার্ড এবং দ্য অর্ডার ফর পিস, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যানিজম ‘ইব্রাহিম রুগোভা’-সহ একাধিক সম্মাননা লাভ করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর মেগান বোল্ডিন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে তার আগের দায়িত্বে ফিরে যাবেন।
ট্রেসি অ্যান জ্যাকবসনের নেতৃত্বে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে কূটনৈতিক কার্যক্রমে নতুন দৃষ্টিভঙ্গি যোগ হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

