বর্তমানে প্রায় সব নারীই লেখাপড়া এবং চাকরির দিকে ঝুঁকছেন। কিন্তু বিয়ে এবং সন্তান জন্মদানের পর অনেক নারী পড়ালেখা বাদ দিয়ে দেন। সন্তানের পরিচর্যার জন্য বিসর্জন দেন নিজের স্বপ্ন। তবে ১৯ সন্তানের মা হয়েও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন সৌদি আরবের এক নারী। আর এই খ্যাতি অর্জনকারী নারী হলেন, সৌদি আরবের হামদা আল রুয়াইলি।
ডক্টরেটধারী হামদা আল রুয়াইলি সৌদি এই নারী ১০ ছেলে ও ৯ মেয়ের মা হয়েও তিনি তাঁর স্বপ্ন জয়ের পথে এগিয়ে গেছেন। সন্তানদের পরিচর্যা, কর্মজীবন ও পড়াশোনা– সবকিছুই দক্ষতার সঙ্গে সামলিয়েছেন। মানসিক স্বাস্থ্য খাতের প্রশাসনিক পদে কাজের পাশাপাশি তিনি একটি অনলাইন ব্যবসাও পরিচালনা করেন।
কর্মজীবী এই মহিলা হামদা বলেন, দিনের বেলায় তিনি সন্তানদের যত্ন নেন; তাঁর কাজও সামলান। রাতের বেলায় সময় দেন ব্যবসা এবং পড়াশোনায়। তিনি তাঁর জীবনে কোনো ঝামেলা চান না, তাই প্রতিদিনের কাজের জন্য অত্যন্ত সাবধানি পরিকল্পনা করে থাকেন।
হামদা ৪৩ বছর বয়স হওয়ার আগেই ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তবে এই পথ সহজ ছিল না। তিনি বলেন, ১৯ সন্তানের দেখভাল করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। কিন্তু তিনি শিক্ষকদের এবং সামরিক কর্মকর্তাদের থেকে অনুপ্রেরণা পেয়েছেন। তাঁর মতে, “তাঁর রোল মডেল সেই শিক্ষক- যিনি শিক্ষার্থীতে ভরা একটি ক্লাস চালান এবং সেই সামরিক অফিসার- যিনি অসংখ্য সেনাকে নেতৃত্ব দেন”।
তিনি বলেন, একজন সন্তানকে বড় করার যে চ্যালেঞ্জ, তা ১০ জন সন্তানকে বড় করার মতোই কঠিন। আমি আমার সন্তানদের প্রয়োজন বুঝে কাজ করি, তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করি এবং তারা যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে সেই অনুপ্রেরণা দিই। হামদা সন্তানদের সুশিক্ষা দানে অত্যন্ত চৌকস। তাঁর সন্তানরাও তাদের পড়াশোনায় মনোযোগী। তাঁর এক মেয়ে কিং আব্দুল আজিজ সেন্টার থেকে শিক্ষাবৃত্তি পেয়েছে। এত দায়িত্ব থাকা সত্ত্বেও পড়াশোনার স্বপ্নকে কখনো বিসর্জন দেননি তিনি। জীবনের নানা চড়াই-উৎরাই আসলেও তিনি কখনোই শিক্ষার পথ থেকে সরে যাননি। আর এই অধম্য শক্তিই ১৯ সন্তানের মা হয়েও তাঁকে অর্জন করে দিয়েছে ডক্টরেট ডিগ্রী।

