লস অ্যাঞ্জেলেসের প্যালিসেডস থেকে আগুন শুক্রবার গভীর রাত থেকে পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করেছে। সেখানে দমকল বিভাগ ম্যান্ডেভিল ক্যানিয়ন এলাকায় আগুন নেভাতে লড়াই করছে। এখনো ছয়টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটি শনিবার দিক পরিবর্তন করেছে। সূত্র : সিএনএন
অগ্নিনির্বাপন বিভাগের ক্যাপ্টেন অ্যাডাম ভ্যানগার্পেন জানায়, “আগুন ম্যান্ডেভিল ক্যানিয়ন এলাকায়, তাই এটি ৪০৫ ফ্রিওয়ের কাছাকাছি চলে আসছে। আমরা ৬টার দিকে আমাদের রেড ফ্লাগ পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছি। আমরা রেড ফ্লাগের তীব্র বাতাসের পরিস্থিতিতে না থাকলেও আগুন দ্রুত দিক পরিবর্তন করতে পারে। আর এখন এটি দ্রুত পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।”
এতে নতুন করে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নতুন হুমকির মুখে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তিনি আরো জানায়, আগুন পূর্ব দিকে অগ্রসরের অর্থ হলো অগ্নিনির্বাপন বাহিনী এখন সেই দিকেই যাচ্ছে। ১০টি বিমান ম্যান্ডেভিল ক্যানিয়নের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে আরও দুটি স্ট্রাইক টিম পাঠানো হয়েছে।
সংবাদমাধ্যম কেটিএলএ প্রতিবেদন অনুসারে দেখা যায়, লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিসের কর্মকর্তা এরিক স্কট বলেছেন- প্যালেসেইডস দাবানলটির পূর্বের অংশে আগুন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সেটি দিক পরিবর্তন করে আরও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। এই দাবানল সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে।
জানা যায়, গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে এই দাবানলের সূত্রপাত হয়। দাবানলে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুড়ে গেছে কিলোমিটারের পর কিলোমিটার এলাকা। ধ্বংস হয়েছে প্রায় ১০ হাজার স্থাপনা। এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নিনির্বাপণ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি শুরু করেছেন। তবে মৃত্যুও বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, সপ্তাহান্তে লস অ্যাঞ্জেলেসের দাবানল পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। বাতাসের গতি ঘণ্টায় ৩২ কিলোমিটার পর্যন্ত নেমে আসছে। এটা আগের চেয়ে কম। ফলে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকর্মীদের সুবিধা হতে পারে।
এদিকে ক্যালিফোর্নিয়ার আগুন নেভাতে এগিয়ে এসেছে প্রতিবেশী সাতটি অঙ্গরাজ্য। কেন্দ্রীয় সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কানাডা থেকেও এসেছে সহায়তা।
আবহাওয়াবিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট অ্যাকুওয়েদারের দেওয়া তথ্য অনুযায়ী, এই দাবানলে এখন পর্যন্ত ১৩৫ থেকে ১৫০ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। সূত্র : রয়টার্স

