ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় কমপক্ষে আরো ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এপর্যন্ত মোট নিহতের সংখ্যা ৪৬ হাজার ৫০০ ছাড়িয়েছে। ইসরায়েলি হামলায় আরো লক্ষাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। এমন তথ্যই উঠে আসে।
বার্তাসংস্থা আনাদোলুর (শনিবার) এক প্রতিবেদনে দেখা যায়, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৫৩৭ জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ৩২ জন নিহত হয়েছেন। ২০২৩ সাল থেকে চলমান হামলায় আরও অন্তত এক লাখ ৯ হাজার ৫৭১ জন ব্যক্তি আহত হয়েছেন।

