যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টি দাবানলে জ্বলছে। টানা পাঁচ দিন ধরে দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো ছয়টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটি গতকাল শনিবার দিক পরিবর্তন করেছে। এতে নতুন করে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নতুন হুমকির মুখে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। চলছে আগুন নেভানোর জন্য নানা পদক্ষেপ।
পালিসেডস দাবানলের ভয়াবহ বিস্তার রোধে লস অ্যাঞ্জেলেসে আকাশপথে গোলাপি রঙের ফায়ার রিটারডেন্ট প্রয়োগ করা হচ্ছে। এর ব্যবহার দাবানলের ভয়াবহতা কমাতে একটি আধুনিক ও কার্যকর কৌশল হিসেবে বিবেচিত।
গোলাপি ফায়ার রিটারডেন্ট হলো দাবানল নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি অত্যন্ত কার্যকর রাসায়নিক পদার্থ। এটি দমকল কর্মীদের জন্য বিশেষভাবে কার্যকর, এই রিটারডেন্টকে গোলাপি রঙে রাঙানো হয়, যাতে দমকল কর্মীরা সহজে বুঝতে পারেন কোথায় এবং কতটুকু এলাকা ইতোমধ্যে কভার করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ফায়ার রিটারডেন্ট সাধারণত লবণজাতীয় রাসায়নিক দিয়ে তৈরি, এটি প্রধানত লবণজাতীয় উপাদান, বিশেষ করে সার হিসেবে ব্যবহৃত হওয়া ফসফেট বা সালফেট লবণ দিয়ে তৈরি। এই রাসায়নিকের কাজ হলো আগুনের দহন প্রক্রিয়ায় পরিবর্তন এনে এর গতি ধীর করে দেওয়া। রাসায়নিকটি গাছপালা এবং দাহ্য পদার্থের ওপর ছড়িয়ে দিলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পরিবর্তে ধীরগতিতে পোড়ে, ফলে উদ্ধারকারী দল আগুন নেভানোর কাজটি আরও কার্যকরভাবে করতে পারে।
ফায়ার রিটারডেন্ট সাধারণত পরিবেশবান্ধব হিসেবে বিবেচিত হলেও, এটি দীর্ঘমেয়াদে মাটির রাসায়নিক গঠনে কিছুটা প্রভাব ফেলতে পারে। বিশেষ করে, যখন এটি পানিতে মিশে যায়, তখন জলজ প্রাণীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে দাবানল ঠেকানোর ক্ষেত্রে এটি ব্যবহারের সুবিধাগুলো এর ক্ষুদ্র পরিবেশগত প্রভাবকে ছাপিয়ে যায়।
ফায়ার রিটারডেন্ট গাছপালা ও দাহ্য পদার্থের ওপর ছড়িয়ে দিলে এটি এমন একটি স্তর তৈরি করে যা অক্সিজেন এবং দাহ্য উপাদানের সংস্পর্শকে ধীর করে দেয়। ফলে আগুনের তাপ কমে যায় এবং এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে না। এছাড়াও, এটি দাহ্য পদার্থগুলোর রাসায়নিক গঠন পরিবর্তন করে, যা আগুনের ছড়িয়ে পড়া রোধ করে।
পালিসেডস দাবানল ইতোমধ্যেই ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। ফায়ার রিটারডেন্ট প্রয়োগের ফলে আগুনের বিস্তার রোধে উল্লেখযোগ্য অগ্রগতি আশা করা হচ্ছে।

লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের সতর্ক থাকার এবং উদ্ধারকারী দলের নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে।
উদ্ধারকর্মীরা জানায়, বাতাসের গতি বেড়ে যাওয়ার কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। তাই আগুন নিয়ন্ত্রণে ফায়ার রিটারডেন্ট ব্যবহারের পাশাপাশি অন্যান্য প্রযুক্তি ও কৌশল প্রয়োগ করা হচ্ছে।

