দম বন্ধ করুন এবং ভাবুন- কেমন অনুভূতি হয়। পানির নিচে দম রাখা কিন্তু একেবারেই সহজ কাজ নয়। আবার পানির নিচে হাঁটা বিষয়টা অনেক জটিল। তেমনি অস্ট্রেলিয়ার এক ফ্রিডাইভার সুইমিংপুলের পানির নিচে এক দমে ৩৭০ ফুট ২ ইঞ্চি হেঁটেছেন। এখন এক দমে পানির নিচে সবচেয়ে বেশি পথ হাঁটার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের (নারী বিভাগে) মালিক অ্যাম্বার বোরক নামের ঐ নারী।
সাধারণ একজন মানুষ কোনো কিছুর সাহায্য ছাড়া একদমে পানি নিচে গড়ে ২০, ৩০ বা ৩৫ সেকেন্ড থাকতে পারে। তবে অনুশীলন করে অনেকে দম ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করে থাকেন। যেমনটা করেন ফ্রিডাইভাররা। যাঁরা কোনো কিছুর সাহায্য ছাড়া পানির নিচে ডুব দেন, তাঁদের ফ্রিডাইভার বলে। পানির নিচে হাঁটা বেশ কঠিন কাজ। কারণ, পানির চাপ ওপরের দিকে ঠেলতে থাকে। পানির যত গভীরে যাওয়া হয়, সেই চাপ তত বৃদ্ধি পেয়ে থাকে। তাই পানির তলদেশে সোজা হয়ে দাঁড়ানো বা হাঁটা খুবই কঠিন।
অনুশীলন করে করে কঠিন এই কাজ আয়ত্তে এনেছেন অ্যাম্বার। ৩৫ বছরের অ্যাম্বার ১০ বছরের বেশি সময় ধরে ফ্রিডাইভিং করেন। পানির নিচে দম ধরে রাখায় তিনি সিদ্ধহস্ত। নিজের এই দক্ষতার পাশাপাশি নতুন রেকর্ড গড়তে তিনি দীর্ঘদিন ধরে পানির নিচে হাঁটার অনুশীলন করছেন।
তিনি পানির নিচে তাঁর শরীরের ওপরের অংশ ৯০ ডিগ্রি কোণে বাঁকিয়ে হাঁটেন এবং পানির চাপ ঠেলে সামনে এগিয়ে যান। এভাবেই তিনি গিনেস রেকর্ডসের মালিক হয়ে যান। এ কাজে তিনি নিজের রেকর্ডই ভেঙেছেন। এর পূর্বে তিনি পানির নিচে ৩৫৭ ফুট ৭ ইঞ্চি হেঁটে রেকর্ড গড়েছিলেন।
নিজের এই রেকর্ডকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রসঙ্গে অ্যাম্বার জানায়, ‘আমি সব সময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের গর্বিত মালিক হওয়ার স্বপ্ন দেখতাম।’ শুধু ব্যক্তিগত অর্জন বাড়ানোর জন্য নয়! বরং অস্ট্রেলিয়ার মেরিন কনজারভেশন সোসাইটির জন্য তহবিল সংগ্রহ করতেই এই প্রচেষ্টা বলে জানায়- অ্যাম্বার।

