ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করতে মঙ্গলবার (১৪ জানুয়ারি), কাতারের দোহায় বৈঠক করবেন মধ্যস্থতাকারীরা। এর কিছু আগে, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি প্রায় বাস্তবায়নের পথে বলে স্বস্তি প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্র: রয়েটার্স
পররাষ্ট্র নীতিতে নিজের অর্জনের কথা বলার প্রেক্ষাপটে (সোমবার) বাইডেন জানায়, এই চুক্তির ফলে জিম্মিদের মুক্তি ও যুদ্ধের অবসান নিশ্চিত হবে। ফলে ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। হামাসের শুরু করা যুদ্ধে ফিলিস্তিনের বেসামরিক জনগণ দুঃসহ সময় অতিক্রম করেছেন। চুক্তিটি বাস্তবায়িত হলে তাদের জন্য ব্যাপক পরিসরে ত্রাণ সহায়তা নিশ্চিত করা যাবে।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানায়, এই আলোচনায় বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতরাও উপস্থিত ছিলেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানায়, এখন হামাসের ওপর নির্ভর করছে যুদ্ধবিরতি চুক্তি। হামাস জানিয়েছে, তারা চুক্তি করতে আগ্রহী।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে দেখা যায়, কাতারের মধ্যস্থতায় দোহায় উভয় পক্ষের কাছে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি পেশ করা হয়েছে। বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, আমার মনে হয় এই চুক্তি সম্পন্ন হওয়ার খুব কাছাকাছি আমরা।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন জানায়, চুক্তির প্রস্তাবনা অনুযায়ী, প্রথম দফায় সর্বোচ্চ ৩৩ জন বন্দিকে মুক্তি দেবে হামাস। এখন পর্যন্ত গাজায় ৯৮ জন ইসরায়েলি জিম্মি রয়েছেন বলে ধারণা দেশটির কর্তৃপক্ষের। তবে, এখন পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। আমি আমাদের মার্কিন বন্ধুদের ধন্যবাদ জানাই।
২০২৩ সালের অক্টোবরে নজিরবিহীন প্রতিশোধ নিতে ইসরায়েলে আক্রমণ করে হামাস। এতে ১২০০ জন নিহত হয় ও ২৫০ জনের বেশি মানুষ জিম্মি হয়। এরপর ইসরায়েলের বর্বর হামলায় গাজায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয় এবং অধিকাংশ এলাকা ধ্বংস হয়ে যায়।
কী কী বিষয় নিয়ে হতে যাচ্ছে চুক্তি
১। চুক্তির প্রথম ধাপে শিশু, নারী, বয়স্ক এবং আহত ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে।
২। ১৬ দিন পর দ্বিতীয় ধাপের আলোচনায় বাকি জীবিত জিম্মি এবং মৃতদেহ ফেরতের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।
৩। ইসরায়েলি বাহিনী ধাপে ধাপে গাজা থেকে সরে দাঁড়াবে।
৪। নিরস্ত্র বাসিন্দাদের উত্তর গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।
চুক্তিটি চূড়ান্ত করতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ২০ জানুয়ারির অভিষেককে একটি সময়সীমা হিসেবে বিবেচনা করা হচ্ছে। সূত্র: রয়টার্স
এর পূর্বে গাজা যুদ্ধের শুরু থেকেই যুদ্ধবিরতির শর্ত নিয়ে একমত হতে পারেনি হামাস ও ইসরায়েল। ফিলিস্তিনি স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা সম্পূর্ণরূপে প্রত্যাহারের শর্তে যুদ্ধবিরতি মেনে নিতে রাজি ছিল হামাস।
অন্যদিকে, হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত ক্ষান্ত দেবে না বলে অঙ্গীকার করে থাকা ইসরায়েল এসব শর্ত মেনে চুক্তি বাস্তবায়নে আগ্রহী ছিল না।

