যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর গতকাল বুধবার এক মারাত্মক দাবানলের কবলে পড়ে, যখন শক্তিশালী ঝোড়ো বাতাস এই আগুনের বিস্তারকে আরও ত্বরান্বিত করে। প্যাসাডিনা শহরের ইটন এলাকায় শুরু হওয়া এই দাবানল গত আট দিন ধরে শহরটির বিভিন্ন অংশে আতঙ্ক সৃষ্টি করছে। ঝোড়ো বাতাসের প্রভাবে দাবানলটি আরও মারাত্মক হয়ে উঠেছে। যা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগ হিসেবে চিহ্নিত হচ্ছে।
লস অ্যাঞ্জেলেসের অগ্নিনির্বাপণকর্মীরা এই দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। তবে শক্তিশালী বাতাসের কারণে তাদের কাজ আরও কঠিন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বাতাসের গতিবেগ এখনও ঘণ্টায় ৩০ থেকে ৪০ মাইল (৪৮ থেকে ৬৪ কিলোমিটার) পর্যন্ত উঠেছে। এই পরিস্থিতি আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার লিন্ডসে হোরভাথ এক সংবাদ সম্মেলনে সতর্ক করে দিয়ে বলেন, “এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি। সকলকে প্রস্তুত থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যেকোনো মুহূর্তে এলাকা ছাড়ার নির্দেশনা দেওয়া হতে পারে।”
এদিকে, দাবানলের আগুন ইতোমধ্যে ওয়াশিংটন ডিসির আয়তনের সমান একটি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এর ফলে প্রায় ৬৫ লাখ মানুষ গুরুতর ঝুঁকির মুখে পড়েছে। এখন পর্যন্ত এই ভয়াবহ আগুনে ২৫ জনের মৃত্যু হয়েছে।
ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যমতে, লস অ্যাঞ্জেলেসের প্যালিসেইডস এলাকার আগুনে ২৩ হাজার ৭১৩ একর এলাকা পুড়ে গেছে। যার ১৯ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অন্যদিকে ইটন এলাকার দাবানলে ১৪ হাজার ১১৭ একর এলাকা পুড়ে গেছে। যেখানে ৪৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে।
কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানান, এই দাবানলের ফলে ১২ হাজারের বেশি বাড়ি এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়ে গেছে। দুই লাখের বেশি মানুষকে নিরাপত্তার জন্য তাদের ঘরবাড়ি ছাড়তে হয়েছে। এলাকা খালি করার নির্দেশ পাওয়া মানুষের সংখ্যা ৮২ হাজার ৪০০ এবং ৯০ হাজার ৪০০ জনের ওপর এলাকা ছাড়ার সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া, সান বার্নার্ডিনো কাউন্টিতে নতুন করে আগুন লেগেছে। যা ইতোমধ্যে ৩০ একর (১২ হেক্টর) জমি পুড়িয়ে ফেলেছে। তবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্যান্য দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানানো হয়েছে।
এই দুঃখজনক পরিস্থিতিতে, স্থানীয় কর্তৃপক্ষ এবং অগ্নিনির্বাপণকর্মীরা অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন, যাতে মানুষদের সুরক্ষা নিশ্চিত করা যায়। তবে শক্তিশালী বাতাস এবং দীর্ঘদিন ধরে বৃষ্টিহীন পরিস্থিতি এই প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলছে।

