বৃহস্পতিবার সকালে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভোটাভুটির কয়েক ঘণ্টা আগে জানান, ভোট স্থগিত করা হয়েছে। ভোটে আগের দিন গত বুধবার ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের সম্ভাবনা ছিল। হামাস শেষ মুহূর্তে কিছু ছাড় জোর করে আদায়ের চেষ্টা করছে। তাই হামাস ‘সব শর্তে সম্মত না হওয়া’ পর্যন্ত মন্ত্রিসভার ভোটাভুটি অনুষ্ঠিত হবে না।
হামাস সব শর্তে সম্মত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোটাভুটির আয়োজন করবে না ইসরায়েলের মন্ত্রিসভা। দেশটির অভিযোগ, হামাস শেষ মুহূর্তে চুক্তিতে কিছু নতুন বিষয় যুক্ত করতে চাইছে।
নেতানিয়াহুর ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘সম্পূর্ণ করা হয়নি এমন একটি অংশ’ যুক্ত করা হয়েছে। পরিকল্পনা অনুসারে রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।
ইসরায়েল ও হামাসের মধ্যে ১৫ মাস পর হওয়া এই যুদ্ধবিরতিতে মূল মধ্যস্থতাকারী ছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর। ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে।
ইসরায়েলের আলোচকরা দোহায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হলেও দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা ও সরকার অনুমোদন না করা পর্যন্ত তা কার্যকর হবে না।
ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন নিয়ে ভোট বিলম্বিত করার ঘোষণার পর হামাস বলেছে, তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু বিবিসির ধারণা, হামাস চুক্তিতে সামান্য কিছু যুক্ত করতে চায়। চুক্তি অনুযায়ী, ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনি কয়েদিদের মুক্তি দেওয়ার যে তালিকা করা হয়েছে, সেখানে নিজেদের কিছু সদস্যের নামও যোগ করতে চায় হামাস।
বুধবার সন্ধ্যায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আলাদাভাবে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করেছেন।

