আল-কাদির ট্রাস্ট মামলায় জেলবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একই মামলায় তার স্ত্রী বুশরা খান বিবিকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি), পাকিস্তানভিত্তিক আরব নিউজের এক প্রতিবেদনে এমনটাই জানা যায়।
পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, আদালত এই দম্পতিকে জরিমানাও করেছে। ইমরানকে ১০ লাখ পাকিস্তানি রুপি ও বুশরাকে ৫ লাখ রুপি জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের যথাক্রমে ৬ মাস ও ৩ মাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
পিটিআইয়ের বিবৃতি অনুসারে জানা যায়, সব প্রমাণ এবং সাক্ষীদের বক্তব্যে স্পষ্ট যে এখানে কোনো দুর্নীতি বা অব্যবস্থাপনার ঘটনা ঘটেনি। ইমরান খান ও বুশরা বিবি কেবল ট্রাস্টি হিসেবে ছিলেন, এর বাইরে তাদের কোনো ভূমিকা ছিল না।
এই রায় ইমরান খানের জন্য একটি বড় ধাক্কা, যিনি ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর থেকেই একাধিক আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। তার দল ও সমর্থকরা এই রায়কে রাজনৈতিক প্রতিহিংসার ফল হিসেবে দেখছেন এবং এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে, এই মামলার রায়কে ঘিরে আদিয়ালা কারাগারে আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। রায় ঘোষণার আগে বুশরা বিবিকে আদালত কক্ষ থেকেই গ্রেপ্তার করা হয়।

