ইরানের রাজধানী তেহরানে সুপ্রিম কোর্টের সদর দপ্তরের কাছে এক বন্দুকধারীর গুলিতে অন্তত দুই বিচারক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও এক বিচারক আহত হয়েছেন।
আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালে তেহরানের ব্যস্ত স্কয়ারে সুপ্রিম কোর্টের সদর দপ্তরের কাছে এমন গোলাগুলির ঘটনা ঘটে। ইরানের বিচার বিভাগের গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে সুপ্রিম কোর্টের ৩৯ নম্বর শাখার প্রধান হোজ্জাতুল ইসলাম আলী রাজিনি এবং ৫৩ নম্বর শাখার প্রধান হোজ্জাতুল ইসলাম মোহাম্মদ মোকিসেহ রয়েছেন। পরে আততায়ী আত্মহত্যা করেন।
বিবৃতিতে আরও বলা হয়, আজ সকালে সুপ্রিম কোর্টে একজন সশস্ত্র অনুপ্রবেশকারী জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের দীর্ঘ ইতিহাস থাকা দুই সাহসী বিচারককে পূর্বপরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছে।

