নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান তীব্র শীতল আবহাওয়ার পূর্বাভাসের কারণে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের ভেতরে স্থানান্তরিত করা হয়েছে। সোমবার ২০ জানুয়ারি, এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের যাত্রা শুরু হবে।
শপথ গ্রহণের পর ট্রাম্প তার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশজুড়ে অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগে অভিযান শুরু করবেন। শিকাগোসহ বড় শহরগুলোতে এই অভিযান শুরু হবে এবং তা সপ্তাহজুড়ে চলতে পারে।
ট্রাম্পের নির্বাচনি প্রচারণার অন্যতম মূল বিষয় ছিল অভিবাসন নীতিতে কঠোরতা। তবে এই নীতি যুক্তরাষ্ট্রের কৃষিশিল্পে সংকটের আশঙ্কা তৈরি করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ শতাংশ খামারশ্রমিকের বৈধ অভিবাসন মর্যাদা নেই। বিশেষত, ক্যালিফোর্নিয়ার মতো কৃষি-সমৃদ্ধ রাজ্যে অভিবাসী শ্রমিকরা ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
কৃষিশিল্পের বিভিন্ন বাণিজ্য সংগঠন ইতোমধ্যে এই অভিবাসন নীতির সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা আশঙ্কা করছেন, অভিবাসী শ্রমিকদের আটক করা হলে বা তাদের কাজ করার সুযোগ সীমিত হলে খাদ্য উৎপাদন বাধাগ্রস্ত হবে। এর ফলে কৃষি খাতের অর্থনৈতিক চাকা শ্লথ হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
এ অবস্থায় অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এসব কর্মশালায় তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করা হচ্ছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর নীতির কারণে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি কেবল অভিবাসীদের জীবনেই নয়। যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও কৃষি খাতেও গভীর প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই নীতি কিভাবে কার্যকর হবে এবং এর বাস্তবায়ন কী ধরনের প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।

