সোমবার (২০ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বিদ্রোহী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সঙ্গে শান্তি আলোচনার ব্যর্থ প্রচেষ্টার পর উত্তর-পূর্ব কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মাত্র তিনদিনে ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
প্রতিবেদনে আলজাজিরা জানায়, ইএলএন গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উত্তর-পূর্ব ক্যাটাটুম্বো অঞ্চলে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর ওপর হামলা চালায়। ওই গোষ্ঠীটি এখন বিলুপ্ত সশস্ত্র গোষ্ঠী রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)-র সাবেক সদস্যদের নিয়ে গঠিত। ২০১৭ সালে ফার্ক নিরস্ত্র হওয়ার পর থেকে তারা লড়াই চালিয়ে আসছিল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংঘাতের মধ্যে বেসামরিক লোকেরা মাঝখানে আটকা পড়েন এবং রোববার পর্যন্ত ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন নর্তে দে সান্তান্ডার বিভাগের গভর্নর উইলিয়াম ভিলামিজার।
ভিলামিজার বলেছেন, সহিংসতার কারণে প্রায় দুই ডজন লোক আহত হয়েছেন এবং প্রায় ৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংঘাতের ফলে মানবিক সৃষ্ট পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।
কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইভান ভেলাসেকুয়েজ গতকাল রোববার বলেছেন, বিদ্রোহী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সঙ্গে শান্তি আলোচনার ব্যর্থ প্রচেষ্টার পর উত্তর-পূর্ব কলম্বিয়ায় মাত্র তিন দিনে ৮০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন। এখন আটকে পড়া সাধারণ মানুষদের নিরাপদে সরিয়ে নেয়ার কাজ করছে সরকার।

