গতকাল অবরুদ্ধ গাজায় কার্যকর হয়েছে বহু প্রতীক্ষিত ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি। চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগারগুলো থেকে মুক্তি পেয়েছেন ৯০ জন ফিলিস্তিনি বন্দি। এর মধ্যে রয়েছেন ৬৯ জন নারী এবং ২১ জন কিশোর। যাদের কেউ কেউ মাত্র ১২ বছর বয়সী।
মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের রেড ক্রসের বাসে করে রামাল্লায় নিয়ে আসা হয়। স্থানীয় সময় রাত ১টায় তারা রামাল্লায় পৌঁছালে হাজারো মানুষ তাদের উষ্ণ সংবর্ধনা জানান। ইসরায়েলি কর্তৃপক্ষ উদ্যাপন নিষিদ্ধ করার নির্দেশনা দিলেও, উল্লসিত জনতা তাদের কাঁধে তুলে নেন এবং শিঙা বাজিয়ে ও স্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করেন।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৬২ বছর বয়সী খালিদা জাররার। তিনি পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের শীর্ষ নেতা। ছয় মাস ধরে তাকে বিনা বিচারে ইসরায়েলি কারাগারে বন্দি রাখা হয়েছিল।
রামাল্লায় স্বজনদের উচ্ছ্বাসের পাশাপাশি সমাবেশে ফাতাহ, হামাস, প্যালেস্টাইনি ইসলামিক জিহাদ এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর পতাকা বহন করতে দেখা গেছে।
অন্যদিকে একই দিন গাজা থেকে তিনজন ইসরায়েলি নারী বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের বয়স ২০ ও ৩০-এর মধ্যে।
ফিলিস্তিনি সাংবাদিক বুশরা আল-তাওয়িল, যাকে ২০২৪ সালের মার্চে ইসরায়েলি বাহিনী বন্দি করেছিল। এদিন তিনি মুক্তি পান। তিনি জানান, ভোর ৩টায় তার মুক্তির প্রক্রিয়া শুরু হয়। তাকে প্রথমে অন্য একটি কারাগারে নিয়ে যাওয়া হয়। যেখানে অন্যান্য বন্দিদের সঙ্গে মিলিত হন তিনি।
তিনি বলেন, “অপেক্ষাটা ছিল অত্যন্ত কঠিন। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা জানতাম মুক্তি আসবে।”
তাওয়িলের বাবা এখনও ইসরায়েলি কারাগারে বন্দি। তবে তিনি জানিয়েছেন, এই চুক্তির অংশ হিসেবে তার বাবাও শিগগির মুক্তি পাবেন।
২৩ বছর বয়সী আমান্ডা আবু শারখ বলেন, “মুক্তিপ্রাপ্ত বন্দিরা আমাদের পরিবারের অংশ। রক্তের সম্পর্ক না থাকলেও তাদের মুক্তি আমাদের জন্য আবেগঘন মুহূর্ত।”
২০ বছর বয়সী মুহাম্মদ, যিনি সম্প্রতি ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বন্ধুদের নিয়ে বন্দিদের অভ্যর্থনা জানাতে এসেছিলেন। তিনি বলেন, “কারাগারে এখনো অনেক নির্দোষ নারী, শিশু ও পুরুষ রয়েছেন। পরিবারের কাছে ফিরে যাওয়ার এই মুহূর্ত সত্যিই আনন্দময়।”
বন্দি বিনিময়ের মাধ্যমে যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরু হলো। চুক্তি অনুযায়ী, হামাস ৪২ দিনের মধ্যে মোট ৩৩ জন ইসরায়েলি বন্দি মুক্তি দেবে। দুই সপ্তাহ পর দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে।
তবে ফিলিস্তিনি মুক্তিপ্রাপ্তদের চূড়ান্ত সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। অনুমান করা হচ্ছে এক থেকে দুই হাজার বন্দি মুক্তি পেতে পারেন।
৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলা ও উচ্ছেদের কারণে গাজার ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এই বন্দি বিনিময়ের মাধ্যমে দুই পক্ষের মধ্যকার সংঘাত নিরসনের সম্ভাবনা জোরদার হলেও বাস্তবতা বলছে, দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের পথ এখনও অনেক কঠিন।

