যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর বিভিন্ন অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার ওয়াশিংটন ডিসির ওয়াল্টার ই ওয়াশিংটন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘কমান্ডার-ইন-চিফ বল’ শীর্ষক অনুষ্ঠানে দেখা গেছে তাঁকে অনন্য এক পরিবেশনায়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বিশাল একটি কেক, যাতে ছিল মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানের নতুন নকশা। এই কেকটি সামরিক তলোয়ার দিয়ে কাটেন ট্রাম্প। তাঁর সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা চুলুকুরি ভ্যান্স। কেক কাটার সময় ট্রাম্প অতিথিদের উদ্দেশে হাস্যোজ্জ্বল কণ্ঠে জানতে চান, “কেউ কি কেক নিতে চান?”
কেক কাটার পর শুরু হয় আবহসঙ্গীত। সুরের তালে তলোয়ার হাতে নাচতে দেখা যায় ট্রাম্পকে। এই সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও কেক কাটায় অংশ নেন এবং রসিকতার ছলে বলেন, “আমার মনে হয়, এই দৃশ্য দেখে সিক্রেট সার্ভিসের সবাই বেশ ঘাবড়ে যাবে।”
অনুষ্ঠানে ট্রাম্প ও মেলানিয়া একসঙ্গে নাচেন। দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তাঁদের প্রথম আনুষ্ঠানিক নৃত্য। অভিষেকের এই আনন্দঘন মুহূর্তে তাঁদের নাচ উপভোগ করেন উপস্থিত সবাই।
এর আগে দিনটি শুরু হয় ট্রাম্পের শপথ গ্রহণের মধ্য দিয়ে। দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন শুরু করলেন তিনি। তাঁর এই নতুন যাত্রা উদ্যাপন করতে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ‘কমান্ডার-ইন-চিফ বল’ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ।
এই অনুষ্ঠানের বিভিন্ন পরিবেশনা এবং ট্রাম্পের নিজস্ব রসবোধ সবাইকে মুগ্ধ করেছে। শপথ গ্রহণের পর তাঁর নতুন মেয়াদ কেমন যাবে, তা নিয়ে প্রত্যাশা ও জল্পনা থাকলেও অভিষেক অনুষ্ঠানের এই আনন্দঘন মুহূর্তগুলো একটি ইতিবাচক বার্তা দিয়েছে।

