মঙ্গলবার (২১ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনের মাধ্যমে জানান যায়, গাজায় চলছে যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি নিরাপত্তা বাহিনীর অভিযানে পশ্চিম তীরের জেনিনে কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরাইলের যুদ্ধে এখনো পর্যন্ত ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী এবং এক লাখ ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
এক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইলি সেনাবাহিনী, পুলিশ এবং শিন বেট নিরাপত্তা পরিষেবা জেনিনে ‘সন্ত্রাসবাদকে পরাজিত’ করার জন্য একটি ‘বিস্তৃত এবং উল্লেখযোগ্য’ অভিযান শুরু করেছে।
তিনি বলেন, ইরানি অক্ষ যেখানেই পৌঁছাবে তার বিরুদ্ধে আমরা পদ্ধতিগতভাবে এবং দৃঢ়তার সঙ্গে কাজ করছি। গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং পশ্চিম তীরে আমরা এখনো সক্রিয় আছি।
এদিকে ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সকালে বেশ কয়েকটি ড্রোন হামলার পর ইসরাইলি সামরিক যানবাহন জেনিন এবং এর শরণার্থী শিবিরে প্রবেশ করেছে।
ইসরাইলি সামরিক বাহিনীর ওই বিবৃতিতে এই অভিযানকে ‘লোহার প্রাচীর’ বলা হয়েছে এবং ‘যতক্ষণ প্রয়োজন’ এটি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

