যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ট্রাম্পের সাথে ফোনালাপে আগামীতে যুক্তরাষ্ট্রে সৌদির বিনিয়োগ ব্যাপকভাবে বৃদ্ধির কথা বলেছেন সৌদি যুবরাজ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি), ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটাই জানা যায়।
সৌদি সরকারের পক্ষ বলা হয়েছে যে, বৃহস্পতিবার ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনে কথা হয়েছে। ফোনালাপে মোহাম্মদ বিন সালমান আগামী দিনগুলোয় যুক্তরাষ্ট্রে সৌদির বিনিয়োগ ব্যাপকভাবে বৃদ্ধির কথা ট্রাম্পকে বলেছেন। এছাড়া বাণিজ্য বৃদ্ধির কথাও বলেছেন তিনি।
যুবরাজ জানিয়েছেন, আগামী ৪ বছরে যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চায় তার দেশ।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে সৌদি বাদশাহর পক্ষ থেকেও অভিনন্দন বার্তা দিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
এরপূর্বে প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৭ সালে ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়েছিলেন। সেসময় তিনি সৌদি আরবকে তার দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিরাপত্তা অংশীদার হিসেবে চিহ্নিত করেছিলেন।

