যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে নতুন করে আবারও দাবানলের সৃষ্টি হয়েছে। পালিসেডেস ও ইয়াটনের পর এ বার জ্বলছে শহরের উত্তরের কাস্টাইক হ্রদ-সংলগ্ন এলাকা। নতুন এ দাবানলের আগুন ইতোমধ্যে ৮ হাজার একর (৩২ বর্গকিলোমিটার) এলাকা গ্রাস করেছে। প্রবল বাতাস ও শুকনো ঝোপঝাড়ের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। সূত্র: রয়টার্স
প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলস শহর থেকে ৮০ কিলোমিটার উত্তরে এই দাবানল ছড়িয়ে পড়ছে। অল্প সময়ের মধ্যেই নতুন দাবানল ‘ইটন ফায়ার’-এর অর্ধেক আয়তনে পৌঁছেছে।
দাবানলের ফলে ক্যাস্টেইক লেক এলাকার বাসিন্দাদের জীবনের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অংশে এখনও প্রবল বাতাসের কারণে দাবানলের চরম ঝুঁকি থাকায় জরুরি সতর্কতা অবস্থা রয়েছে।
লস অ্যাঞ্জেলস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, প্রায় ১৯ হাজার মানুষ বাধ্যতামূলক সরিয়ে নেয়ার আদেশের আওতায় রয়েছে, যা কাস্টেইক সম্প্রদায়ের মোট জনসংখ্যার সমান। আরও ১৬ হাজার মানুষকে সরিয়ে নেয়ার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি, ক্যালিফোর্নিয়া রাজ্য এবং ইউএস ফরেস্ট সার্ভিস যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দুই হাজার ৮০০ বর্গকিলোমিটার বিস্তৃত পার্ক সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত ৯ মাস ধরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি, যা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে। তবে শনিবার থেকে সোমবার পর্যন্ত কিছু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ বৃষ্টি হলে দমকল কর্মীদের জন্য বহুল আকাঙ্ক্ষিত স্বস্তি বয়ে আনতে পারে।

