জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (United Nations Climate Change Conferences) হলো- এমন একটি বার্ষিক বৈঠক, যা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা দেশগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সম্মেলন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাঠামো কনভেনশনের (UNFCCC) অধীনে অনুষ্ঠিত হয়। এখানে অংশগ্রহণকারী দেশগুলো একত্র হয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলার অগ্রগতি মূল্যায়ন করে এবং ভবিষ্যতের করণীয় ঠিক করে। এই সম্মেলনের মাধ্যমে ১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে উন্নত দেশগুলোর গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর চুক্তি যেমন: কিয়োটো প্রোটোকল নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হয়। কিয়োটো প্রোটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৯৯৭ সালে জাপানের কিয়োটো শহরে স্বাক্ষরিত হয়। এর মূল লক্ষ্য হলো বৈশ্বিক উষ্ণায়ন রোধ করতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো। এই চুক্তির আওতায় শিল্পোন্নত দেশগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে কার্বন ডাই অক্সাইড (CO₂), মিথেন (CH₄), নাইট্রাস অক্সাইড (N₂O) এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর বাধ্যবাধকতা দেওয়া হয় । কিয়োটো প্রোটোকলে ১৯২টি দেশ স্বাক্ষর করেছে। জলবায়ু পরিবর্তন বর্তমানে একটি বৈশ্বিক সংকট। এই সংকট শুধু প্রাকৃতিক পরিবেশকে নয় বরং মানব সভ্যতার অস্তিত্বকেও হুমকির মুখে ফেলেছে। প্রতিনিয়ত বাড়তে থাকা তাপমাত্রা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তীব্র আবহাওয়াজনিত দুর্যোগ, কৃষি উৎপাদনের ওপর বিরূপ প্রভাব—সবকিছুই প্রমাণ করে যে, এই সংকট নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন (যেমন: COP29, আজারবাইজান) এই সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করেছে। যেখানে বিশ্বনেতারা নতুন প্রতিশ্রুতি দিয়েছেন এবং কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন।
জলবায়ু পরিবর্তনের বর্তমান অবস্থা: এক নজরে বিশ্ব চিত্র: বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী দিন দিন উষ্ণ হয়ে উঠছে, আবহাওয়া আরও চরম হচ্ছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তনের প্রভাব প্রকৃতি, বন্যপ্রাণী, মানুষের বসবাস এবং সমাজে গভীরভাবে প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টির ধরন ও পরিমাণে পরিবর্তন এসেছে। এর ফলে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, দাবানল, মরুকরণ, সমুদ্রের অম্লকরণ এবং প্রবালের ব্লিচিংয়ের মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। এছাড়া ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়ায় সুপেয় পানির অভাবও বাড়ছে।
বর্তমানে বৈশ্বিক তাপমাত্রা শিল্পপূর্ব যুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি বেড়েছে। কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস)-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে পৃথিবীর গড় তাপমাত্রা শিল্পপূর্ব যুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়ছে এবং মানুষের অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস যেমন: কার্বন ডাই অক্সাইড নিঃসরণের ফলে এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক তাপমাত্রা ৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা সিথ্রিএস জানাচ্ছে, ১৮৫০ থেকে ১৯০০ সাল অর্থাৎ শিল্পপূর্ব যুগের তুলনায় গত বছরে পৃথিবীর গড় তাপমাত্রা ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এর মানে হলো জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর তাপমাত্রা এতটা বেড়েছে, যা বর্তমান সময়ের মানুষ আগে কখনো অনুভব করেনি।
বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO- World Meteorological Organization) ২০২৪ সালকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, গত এক লাখ বছরের মধ্যে পৃথিবী এত উষ্ণ আর কখনো হয়নি। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, মানুষের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনই এই অতিরিক্ত উষ্ণতার প্রধান কারণ। এটি প্রমাণ করে যে, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ও অন্যান্য মানবসৃষ্ট কার্যকলাপ পৃথিবীর তাপমাত্রা দ্রুত বাড়িয়ে তুলছে। দক্ষিণ এশিয়ার মতো অঞ্চলগুলোতে এই প্রভাব সরাসরি মানুষকে আক্রান্ত করছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, যদি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর জন্য জরুরি পদক্ষেপ না নেওয়া হয়, তবে এই শতাব্দীর শেষের দিকে বৈশ্বিক তাপমাত্রা ৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
সম্মেলনের প্রধান বিষয়বস্তু ও সিদ্ধান্ত: ২০২৪ সালের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP29), যা আজারবাইজানের বাকু শহরে ১১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়, জলবায়ু সংকট মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে পরিচিত। এই সম্মেলনে প্রায় ২০০টি দেশের শীর্ষ নেতারা একত্র হয়ে বৈশ্বিক জলবায়ু সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ আলোচনা গ্রহণ করেন। সম্মেলনের মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর সহায়তা বৃদ্ধি করা, তাদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং টেকসই শক্তির উৎস তৈরি করতে সাহায্য করা ।
এবারের সম্মেলনে জলবায়ু সংকট মোকাবিলার জন্য নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রথমতঃ উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থনৈতিক সহায়তা বৃদ্ধির জন্য বিশেষ তহবিল গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া কার্বন ক্রেডিট বাণিজ্যিক লেনদেনের সুবিধার্থে নতুন বিধি এবং জাতিসংঘের একটি রেজিস্ট্রি প্রতিষ্ঠার ওপরও জোর দেওয়া হয়। সম্মেলনে বিশ্ব নেতারা প্যারিস চুক্তির ধারা ৬.৪ এর অধীনে একটি কাঠামো অনুমোদন করেছেন, যা আন্তর্জাতিক কার্বন ক্রেডিট বাণিজ্যকে নিয়ন্ত্রণ করবে। এই সিদ্ধান্তটি মূলতঃ উন্নয়নশীল দেশগুলির জন্য পরিবেশবান্ধব শক্তির ব্যবহারের সুযোগ সৃষ্টি করবে এবং জলবায়ু অর্থায়নে বড় অঙ্কের অর্থ সঞ্চিত হবে।
বিশ্ব নেতারা জীবাশ্ম জ্বালানি কমিয়ে নবায়নযোগ্য শক্তির উৎসের ব্যবহার বৃদ্ধির জন্যও আলোচনা করেন। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, খরা, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের হুমকি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য সবুজ শক্তির উৎস তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। এই জন্য উন্নত দেশগুলো প্রযুক্তি স্থানান্তর এবং আর্থিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেয়। সম্মেলনটি শেষে একটি গুরুত্বপূর্ণ চুক্তির মাধ্যমে তা বাস্তবায়ন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। যার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করা হবে এবং তাঁদের শক্তি ব্যবস্থাকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করার জন্য সহযোগিতা প্রদান করা হবে।
এই সম্মেলন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে বিশ্ব নেতারা জলবায়ু সংকটের মোকাবিলায় একত্র হয়ে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।পরিবর্তনের সমস্যা শুধু একটি পরিবেশগত ইস্যু নয় বরং একটি মানবিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জও বটে। এটি সমাধান করতে হলে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য এবং প্রতিটি দেশের অবদান গুরুত্বপূর্ণ।
জলবায়ু সম্মেলনে গৃহীত প্রধান প্রতিশ্রুতি ও পদক্ষেপগুলো হলো- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বের সবচেয়ে বড় আয়োজন হলো কপ (COP) সম্মেলন। প্রতি বছর এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নেতা, বিজ্ঞানী, নীতিনির্ধারক এবং উদ্যোক্তারা একত্রিত হন। তাঁদের লক্ষ্য একটাই-জলবায়ু সংকটের গভীর সমস্যা চিহ্নিত করা এবং তার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া। সাম্প্রতিক কপ সম্মেলনে গৃহীত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ও পদক্ষেপ হলো:
তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা: বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। বিজ্ঞানীরা বারবার সতর্ক করেছেন যে, এই সীমা অতিক্রম করলে পৃথিবীর পরিবেশে বিপর্যয় নেমে আসবে।
নিট শূন্য কার্বন নির্গমন: ২০৫০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নির্গমন নিট শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটি অর্জনের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, জীবাশ্ম জ্বালানি কমানো এবং কার্বন ক্যাপচার প্রযুক্তি উন্নয়নের দিকে জোর দেওয়া হচ্ছে।
উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়ন: জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব উন্নয়নশীল দেশগুলোতে পড়ছে। তাই উন্নত দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে তাঁদের আর্থিক সহায়তা বাড়ানোর। যাতে উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে।
জলবায়ু তহবিল প্রতিষ্ঠা: জলবায়ু সংকট মোকাবিলায় একটি আন্তর্জাতিক তহবিল গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব পদক্ষেপের মূল লক্ষ্য হলো, জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদি ক্ষতি ঠেকানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা। তবে এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন নির্ভর করছে দেশগুলোর আন্তরিকতা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর।
জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে বাংলাদেশের অবস্থান: জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের অবস্থান হলো, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত। বন্যা, ঘূর্ণিঝড়, খরা, নদীভাঙন এবং লবণাক্ততার মতো প্রাকৃতিক দুর্যোগ দেশের কৃষি, অবকাঠামো এবং জনজীবনে ব্যাপক প্রভাব ফেলছে।
জলবায়ু পরিবর্তনের এই প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়াও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি যেমন: সৌরশক্তি ও বায়ুশক্তির সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করছে। জাতিসংঘের জলবায়ু সম্মেলনসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে দেশের ক্ষতি এবং নীতিগত অবস্থান যথাযথভাবে তুলে ধরছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর পক্ষে অবস্থান নিয়ে উন্নত দেশগুলোর কাছ থেকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করার প্রচেষ্টা চালাচ্ছে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশেষজ্ঞরা মনে করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা: বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার সমস্যা, হিমালয়ের বরফ গলার কারণে নদীর দিক পরিবর্তন এবং বন্যা—এসব কারণে দেশটি বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।
চ্যালেঞ্জসমূহ: জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, খরা, জলোচ্ছ্বাস, টর্নেডোর মতো প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বেড়েছে। এতে করে দেশের অর্থনীতি, কৃষি, অবকাঠামো এবং জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম স্থানে রয়েছে।
সম্ভাবনাসমূহ: বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো, সেচ কাজে সৌরশক্তি ব্যবহারে উৎসাহ প্রদান এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে স্কুলগামী শিশুদের শিক্ষা দেওয়া—এসব উদ্যোগের মাধ্যমে দেশটি টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এছাড়া আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনগুলোতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক সম্মেলনগুলো একদিকে যেমন নীতিগত নির্দেশনা দেয়, তেমনি বিশ্বের নেতাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়বদ্ধতাও তৈরি করে। এই সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতিগুলো যদি যথাযথভাবে বাস্তবায়িত হয়, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা সম্ভব হবে। তবে প্রতিশ্রুতি যথেষ্ট নয়; এর সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন কার্যকর পদক্ষেপ এবং সকল দেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টা।

