আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এবং প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান। নারী ও মেয়েদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই আবেদন করা হয়েছে। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আইসিসির আদালতে এ আবেদন জমা দেন করিম খান।
বৃহস্পতিবার এক বিবৃতিতে করিম খান জানান, আফগানিস্তানে নারী ও মেয়েদের ওপর সংঘটিত বৈষম্যমূলক কর্মকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে এর তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, তালেবানের এই দুই নেতা—হাইবাতুল্লাহ আখুন্দজাদা ও আবদুল হাকিম হাক্কানি—এই অপরাধের সঙ্গে সরাসরি জড়িত বলে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে। করিম খান বলেন, “লিঙ্গগত বৈষম্যের কারণে তাঁরা মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যেসব নারী ও মেয়ে তাঁদের লিঙ্গপরিচয় বা সামাজিক ভূমিকার প্রথাগত ধারণা থেকে বিচ্যুত হয়েছেন। তাঁদের ওপর নিপীড়ন চালানোর বিষয়টি এই অভিযোগের অন্তর্ভুক্ত। এমনকি যাঁদের তাঁরা নারী ও মেয়েদের ‘মিত্র’ মনে করেছেন, তাঁদের বিরুদ্ধেও নিপীড়ন চালানো হয়েছে।
২০২১ সালের ১৫ আগস্ট তালেবান দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই নারী ও মেয়েদের ওপর দমনমূলক নীতি গ্রহণ করে। শিক্ষা, কর্মসংস্থান এবং জনজীবনের অন্যান্য ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ বা সীমিত করার পাশাপাশি তাদের ওপর ব্যাপক নিপীড়ন চালানো হচ্ছে। এই নিপীড়নের নানাবিধ ঘটনা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে।
তালেবান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আনা এই অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তালেবান।
আইসিসির প্রধান কৌঁসুলির করা এই আবেদনের বিষয়ে আদালতের তিন বিচারকের একটি প্যানেল সিদ্ধান্ত নেবেন। তবে এই ধরনের আবেদনের রায় দেওয়ার নির্দিষ্ট সময়সীমা নেই। সাধারণত এই ধরনের আবেদনের রায় দিতে গড়ে তিন মাস সময় লাগে।
আন্তর্জাতিক আদালতে তালেবানের এই নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু হলে এটি বিশ্বজুড়ে দৃষ্টি আকর্ষণ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা আরও তীব্র হওয়ার পাশাপাশি এটি তালেবানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

