দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম সফরে গতকাল শুক্রবার ক্যালিফোর্নিয়ায় গেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানকার লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসমের সাথে একসাথে কাজ করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
গতকাল লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান অবতরণ করার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানান গভর্নর নিউসম।
পরে ট্রাম্প সাংবাদিকদের জানায়, ‘আমরা কিছু কাজ সম্পন্ন করার চেষ্টা করছি এবং অঙ্গরাজ্য পরিচালনায় একসঙ্গে কাজ করার মাধ্যমে আপনি এটি সম্পন্ন করতে পারবেন। আমরা এ কাজ শেষ করতে যাচ্ছি। তাদের অনেক কেন্দ্রীয় সহায়তার প্রয়োজন পড়বে।’
ডেমোক্র্যাট নেতা নিউসমের সঙ্গে ট্রাম্পের সঙ্গে তার অতীত সম্পর্ক বিরোধপূর্ণ থাকলেও ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে ট্রাম্পের কাছে সহায়তা চেয়েছেন তিনি।
গত কয়েক সপ্তাহ ধরে একাধিক দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেস। এখনো এ অঞ্চলে তিনটি বড় দাবানল জ্বলছে। এর আগে দাবানল নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প।
ক্যালিফোর্নিয়ায় দাবানল নিয়ন্ত্রণে অঙ্গরাজ্যটির সাড়ায় ট্রাম্প যেমন অসন্তোষ প্রকাশ করেছিলেন, নর্থ ক্যারোলাইনাতেও এফইএমএর ব্যাপারে তাঁর বক্তব্যে একই রকমের অসন্তোষ ফুটে উঠেছে। সম্প্রতি তিনি নিউসম ও লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাসের বিরুদ্ধেও ‘বড় ধরনের অযোগ্যতার’ অভিযোগ করেন।

