থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বায়ুদূষণের তীব্রতায় প্রায় ৩শটিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শহর কর্তৃপক্ষ এই খবর জানিয়েছেন।
পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে থাই রাজধানী ব্যাংকক। শহরজুড়ে ঘন ধোঁয়াশা বলে দিচ্ছে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে থাইল্যাণ্ডের বায়ুদূষণ পরিস্থিতি। কৃষি বর্জ্য, বনাঞ্চলে আগুন ও যানবাহনের কালো ধোঁয়া দূষিত করে তুলছে ব্যাংককের বাতাস। এশিয়ার অনেক দেশের মতোই বায়ুদুষণের কারণে দেশটির মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে।
চলতি সপ্তাহে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীতে ৩৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। কর্তৃপক্ষ এক বার্তায় জানায়, “ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন বায়ুদূষণের কারণে ৩১টি জেলার ৩৫২টি স্কুল বন্ধ করে দিয়েছে”। পাশাপাশি বায়ুদূষণ নিয়ন্ত্রণে এক সপ্তাহের জন্য বিনামূল্যে গণপরিবহন সেবা ঘোষণা করেছে থাইল্যান্ড সরকার। যাতে করে রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমে আসে। থাই প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রা জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণে স্বল্প ও দীর্ঘ উভয় মেয়াদের প্রকল্প হাতে নেবে তাঁর সরকার। যাতে ভবিষ্যতে এই পরিস্থিতি মোকাবেলা করা যায়।

