ইসরায়েল বয়কট-সংক্রান্ত আইন ভঙ্গের অভিযোগে লেবানিজ সাংবাদিক লায়াল আলএখতিয়ারকে গ্রেপ্তার করেছে লেবানন কর্তৃপক্ষ। বুধবার বৈরুতের বিমানবন্দরে অবতরণের পর তাকে আটক করা হয়।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আরাবিয়া-এর সাংবাদিক লায়াল মূলত দুবাইতে বসবাস করতেন। আল-আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আরবিভাষী মুখপাত্র কর্নেল আভিচে আদ্রাই’র সঙ্গে এক সাক্ষাৎকার নেওয়ার অভিযোগে লায়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে সংঘর্ষের কয়েকদিন পর লায়াল এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন। এই ঘটনার পর লেবাননের এক সামরিক কৌঁসুলি লায়ালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
লায়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তার গ্রেপ্তারকে ‘রাজনৈতিক নির্যাতন’ এবং ‘বিচারিক হয়রানি’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘যারা এর পেছনে রয়েছে, তারা দেশের সার্বভৌমত্ব নষ্ট করেছে এবং জনগণকে সর্বস্বান্ত করেছে। এখন তারা ভিন্নমত দমনে ছলচাতুরির আশ্রয় নিচ্ছে।’
লায়াল আরও বলেন, ‘আমি ভয় পাইনি। আজীবন লেবানিজ ও আরব পরিচয়ে গর্বিত থাকব। কোনো শক্তিই আমার স্বাধীনতা, মর্যাদা বা বিশ্বাসকে দমাতে পারবে না।’
সাক্ষাৎকার প্রসঙ্গে লায়াল বলেন, ‘আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে প্রয়োজনীয় প্রশ্ন করেছি। এটি ছিল আমার দায়িত্বের অংশ। আমি অতিথিকে সম্মান দিয়েছি, তবে তার প্রশংসা বা অপমান কোনোটিই করিনি।’
আল-আরাবিয়া এই ঘটনার প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে জানায়, ‘লায়ালের ওপর চলমান পরিস্থিতি শুধু সাংবাদিকতা নয়, পেশাদার সংবাদ পরিবেশনের মূল্যবোধের ওপরও আঘাত। এটি একটি গণমাধ্যমের ভারসাম্যপূর্ণ দায়িত্ব পালনের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে।’
লায়ালের গ্রেপ্তারের পেছনে হিজবুল্লাহর ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছে লেবাননের সোশাল ডেমোক্র্যাটিক পার্টি (কাতায়েব)। দলটি এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানায়।
লায়ালের জিজ্ঞাসাবাদের সময় তিনি বারবার উল্লেখ করেন যে, আল-আরাবিয়া কর্তৃপক্ষের নির্দেশেই তিনি এই সাক্ষাৎকার নিয়েছিলেন এবং এটি প্রত্যাখ্যান করার কোনো সুযোগ তার ছিল না।
সাংবাদিকদের উদ্বেগ
লায়ালের গ্রেপ্তার সাংবাদিকদের স্বাধীনতাকে খর্ব করার দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়েছে। এতে আঞ্চলিক ও আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যে চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে।
জামিনে মুক্তি পেয়েছেন লায়াল
সংবাদ মাধ্যম আল-মনিটর জানিয়েছে, সম্প্রতি পাঁচ কোটি লেবানিজ পাউণ্ড (প্রায় ৫৬০ মার্কিন ডলার) জামিন দিয়ে মুক্তি পেয়েছেন লায়াল। তবে তার বিরুদ্ধে এখনো তদন্ত চলছে।
মুক্তির পর লায়াল এক্সে লেখেন, ‘মানুষকে ও তার পদমর্যাদাকে যথেষ্ঠ পরিমাণে অবমাননা করা হয়েছে। ইসরায়েলিরা সীমান্তে আছে। জুমেইরাহ, দাওউরা অথবা দেকওয়ানেতে নেই।’

