যুক্তরাজ্যের লেবার সরকার এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দুই দেশের সম্পর্ককে আরো উষ্ণ ও গভীর করার বিষয়ে ঐক্যবদ্ধ। গত রোববার দুই নেতার ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। উভয়েই শিগগির সরাসরি বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে জানানো হয়েছে।
ব্রিটেনের নতুন লেবার সরকার, গত জুলাইয়ে ক্ষমতায় আসার পর থেকেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়তে সচেষ্ট। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, যিনি একসময় ট্রাম্পকে ‘টুপি পরা অত্যাচারী’ বলেছিলেন, এখন তাঁর উষ্ণ সুরে প্রশংসা করছেন।
শনিবার ট্রাম্প স্টারমারকে নিয়ে বলেন, তিনি খুব ভালো কাজ করছেন, যদিও এর আগে স্টারমারকে ইলন মাস্কের সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
দুই নেতার এই সম্পর্কের পেছনে সামরিক বাজেট বাড়ানোর বিষয়টি ভূমিকা রাখতে পারে। তবে ফোনালাপে এটি নিয়ে সরাসরি আলোচনা হয়নি। এর পূর্বে ট্রাম্প মন্তব্য করেছিলেন যে, পশ্চিমা সামরিক জোটের সদস্য দেশগুলো, বিশেষ করে যুক্তরাজ্যের, সামরিক ব্যয় বাড়ানো উচিত।
লন্ডনের নিজস্ব স্বার্থও এই ঘনিষ্ঠতার পেছনে ভূমিকা রাখছে। মরিশাসের সঙ্গে চাগোস দ্বীপের বিষয়ে চুক্তি করতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেতে চায় ব্রিটিশ সরকার।
স্টারমারের কার্যালয় জানায়, ফোনালাপে দুই নেতা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। প্রেসিডেন্ট ট্রাম্প ব্রিটিশ রাজপরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি তাঁর ভালোবাসার কথা প্রকাশ করেন।
অন্যদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প ব্রিটিশ রাজতন্ত্রের দীর্ঘদিনের ভক্ত। তিনি রাজপরিবারের প্রতি শুভকামনা জানিয়েছেন।
স্টারমার তাঁর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিনিয়োগ সম্ভাবনা ট্রাম্পের সামনে তুলে ধরতে চান। যুক্তরাজ্যের স্থবির অর্থনীতিতে নতুন বিনিয়োগ আনতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
এদিকে, ট্রাম্প রোববার এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে জানিয়েছেন, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলে তাঁর প্রথম আন্তর্জাতিক সফরের গন্তব্য হতে পারে সৌদি আরব বা যুক্তরাজ্য।
ব্রিটিশ সংবাদমাধ্যম ধারণা করছে, ট্রাম্পের লন্ডন সফর আসন্ন। এর পূর্বে ২০১৯ সালে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ ট্রাম্পকে অভ্যর্থনা জানিয়েছিলেন। ট্রাম্প তাঁকে ‘মহান নারী’ এবং ‘যিনি কখনো ভুল করেন না’ বলে অভিহিত করেছিলেন।
ফোনালাপে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। স্টারমার গাজায় যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ কাজের আশা প্রকাশ করেন তিনি। এ সময় ট্রাম্প যুক্তরাজ্য ও ইসরায়েলের যৌথ নাগরিক এমিলি দামারিকে হামাসের বন্দিদশা থেকে মুক্ত করার বিষয়ে যুক্তরাজ্যের ভূমিকার প্রশংসা করেন।

