ইরান নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে দেশের সবচেয়ে বড় ড্রোন উন্মোচন করেছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের স্মরণে ড্রোনটির নাম দেওয়া হয়েছে ‘গাজা’। ইরানি কর্মকর্তাদের দাবি, ড্রোনটি ১,২০০ মাইল পর্যন্ত অভিযান চালাতে সক্ষম।
স্থানীয় সময় রোববার (২৬ জানুয়ারি), ইসলামিক রেভুলুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হুসেইন সালামি এবং আইআরজিসি অ্যারোস্পেস কমান্ডার আমির আলি হাজিজাহ দে ড্রোনটি পরিদর্শন করেন।
আইআরজিসি জানিয়েছে, ‘গাজা’ ড্রোনটি একসঙ্গে ১২টি বোমা বহন করতে সক্ষম এবং এটি মূলত সীমান্ত অভিযান পরিচালনায় ব্যবহৃত হবে।
উল্লেখ্য, গত বছর এই ড্রোন তৈরির পরিকল্পনার ঘোষণা দিয়েছিল ইরান। অবশেষে তারা ড্রোনটি উন্মোচন করল। তেহরান জানিয়েছে, ড্রোনটি দীর্ঘ দূরত্বে অভিযান পরিচালনায় কার্যকর হবে।
ইরান বরাবরই গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে সরব থেকেছে। এই ড্রোনের নামকরণও ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রতীক হিসেবে করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানায়, দেশে উচ্চমাত্রার নিরাপত্তা তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে সীমান্ত রক্ষার ক্ষেত্রে। যদি সেখানে কোনো সন্ত্রাসী বা চোরাকারবারি থাকে বা অন্যান্য কোনো সমস্যা দখা দেয়, সেক্ষেত্রে ড্রোনটি খুবই কার্যকর।
২০২৩ সালে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আমদানি রফতানিতে জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিশ্বজুড়ে ইরানি অস্ত্রের বিক্রি বেড়েছে কয়েকগুণ। যে তালিকায় উল্লেখযোগ্য অস্ত্র হলো ড্রোন।

